

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


বিএনপি দেশ গঠনে একাত্তরের মুক্তিযুদ্ধ এবং চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানের চেতনাকে প্রাধান্য দেবে বলে জানিয়েছেন দলটির নেতা ও ঢাকা-২ আসনের সংসদ সদস্য আমান উল্লাহ আমান।
বুধবার (১ এপ্রিল) দুপুরে ঢাকা-মাওয়া-ভাঙা মহাসড়ক এলাকায় ৫ বছরে ২৫ কোটি গাছের চারা রোপণ কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত বৃক্ষরোপণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
আমানউল্লাহ বলেন, তারেক রহমান আজ সারাদেশ চষে বেড়াচ্ছেন এবং অত্যন্ত সাদামাটা জীবনযাপন করছেন। আমরাও তার পথ অনুসরণ করে জনগণের সেবায় নিয়োজিত থাকব।
তিনি দাবি করেন, দীর্ঘ ১৭ বছর তারেক রহমানের নেতৃত্বে আন্দোলনের ধারাবাহিকতা এবং সর্বশেষ ছাত্র-জনতার আত্মত্যাগের মধ্য দিয়ে আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে।
তিনি আরও বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে দেশে একটি সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সেই নির্বাচনে বিএনপি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে সরকার গঠন করেছে এবং তারেক রহমান প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন। এর মাধ্যমে জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠিত হয়েছে এবং “দিনের ভোট রাতে হয়নি”।
বৃক্ষরোপণ কর্মসূচির প্রসঙ্গ তুলে আমান বলেন, নির্বাচনের আগে তারেক রহমান পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণের যে প্রতিশ্রুতি দিয়েছিলেন, তার বাস্তবায়ন ইতোমধ্যে শুরু হয়েছে।
তিনি জানান, অসহায় মানুষের জন্য ফ্যামিলি কার্ড বিতরণ করা হয়েছে। মসজিদের ইমাম, মুয়াজ্জিন, খাদেম এবং হিন্দু পুরোহিতদের জন্য মাসিক সম্মানী ভাতা চালু করা হয়েছে। ভবিষ্যতে কৃষকদের জন্য কৃষি কার্ড এবং সাধারণ মানুষের জন্য স্বাস্থ্য কার্ড চালুর পরিকল্পনা রয়েছে।
তিনি বলেন, “বিএনপি যা বলে, তা করে” এবং দলটি জুলাই সনদের পক্ষে ছিল, ভবিষ্যতেও থাকবে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী মাসুদ আহমেদ সুমন, কেরানীগঞ্জ উপবিভাগীয় প্রকৌশলী হারুনুর রশিদ এবং কেরানীগঞ্জ সড়ক সার্কেলের উপসহকারী প্রকৌশলী চৌধুরী সাজ্জাদ আরেফিনসহ অন্যান্যরা।
মন্তব্য করুন