

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় কমিটির বয়স ৯ বছর ৫ মাস। ২০১৬ সালের ২৭ সেপ্টেম্বর বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের সহধর্মিণী আফরোজা আব্বাসকে সভাপতি ও সুলতানা আহমেদকে সাধারণ সম্পাদক করে মহিলা দলের পাঁচ সদস্যের আংশিক কমিটি ঘোষণা করা হয়। পরে ২০১৯ সালের ৪ এপ্রিল ২৬৫ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি দেয়া হয়। কিন্তু পূর্ণঙ্গ কমিটি ঘোষণার এক বছর আগেই সংগঠনটির পরবর্তী কাউন্সিল হওয়ার কথা ছিলো।
২০১৬ সালে কমিটি গঠনের পর ৯ বছর ৫ মাস পেরিয়ে গেছে। কিন্তু নতুন কমিটি নিয়ে নেই কোনো আলোচনা। মেয়াদোত্তীর্ণ কমিটি দিয়েই চলছে সংগঠনটি।
এদিকে অভ্যন্তরীণ কোন্দলে জর্জরিত বিএনপির সহযোগী এই সংগঠনটির সাংগঠনিক কর্মকাণ্ড প্রায় স্থবির ও বিপর্যস্ত হয়ে পড়েছে। অথচ বিভিন্ন সময় নারীদের অধিকার আদায় ও দুঃসময়ে প্রশংসনীয় ভূমিকা রাখা সংগঠনটি ১৯৭৮ সালের ৯ সেপ্টেম্বর ‘চেতনায় নারী, বিপ্লবে নারী, গণতন্ত্র ফেরাতে আমরাই পারি’- এই স্লোগান ধারণ করে প্রতিষ্ঠিত হয়।
এদিকে নতুন কমিটি না দিয়ে গত ২২ ডিসেম্বর বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় কমিটিতে কয়েকটি পদে নতুন করে দায়িত্ব প্রদান করা হয়েছে। শাহীনুর নার্গিসকে মহিলা দলের কেন্দ্রীয় কমিটির দফতর সম্পাদক, তাহমিনা আফরিন নীতাকে প্রচার সম্পাদক এবং রেহানা সুলতানা আরজুকে সহ-প্রচার সম্পাদক হিসেবে অন্তর্ভূক্ত করা হয়। ৯ বছর পেরিয়ে গেলেও কমিটি নিয়ে কোনো আলোচনা না করে নতুন করে কয়েকজনকে দায়িত্ব প্রদানের পরে ব্যাপক সমালোচনার জন্ম দিয়েছে বিভিন্ন মহলে।
সংগঠনটির কয়েকজন নেত্রী জানান, ঢাকা উত্তর ও দক্ষিণ মহানগর মহিলা দলের কমিটি কয়েকবার পরিবর্তন হলেও মেয়াদহীন কেন্দ্রীয় কমিটি দিয়ে চলছে কার্যক্রম। এতে করে ঝিমিয়ে গেছে সাংগঠনিক কর্মকাণ্ড। এছাড়া সাধারণ কর্মীদের সাথে অধিকাংশ সময় রূঢ় আচরণ করা হয়। তাদের মতে, ৯ বছর আগে মহিলা দলের কেন্দ্রীয় কমিটি হয়েছে। এদিকে যারা সংগঠনিক কর্মকাণ্ডে অংশ নেন তারা দীর্ঘদিন ধরেই নতুন কমিটি দাবি করে আসলেও তা কখনো আলোর মুখ দেখেনি।
অভিযোগ রয়েছে, বিভিন্ন ইউনিটের কমিটি স্থগিত বা নতুন কমিটি দেয়াসহ বিভিন্ন বিষয়ে মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস একাই সিদ্ধান্ত নেন। আর যোগ্যদের বাদ দিয়ে তার পছন্দের লোকদেরকে গুরুত্বপূর্ণ পদে বসাতে চান। সংগঠনটির সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ এর পরামর্শ ছাড়াই বিভিন্ন বিষয়ে সিদ্ধান্ত নেন সভাপতি। এছাড়া দীর্ঘদিন ধরেই সংগঠনটির সভাপতি আফরোজা আব্বাস এবং সাধারণ সম্পাদক সুলতানা আহমেদের মধ্যে কোন্দল রয়েছে। যতই দিন যাচ্ছে ততই তাদের মধ্যে গ্রুপিং ও অভ্যন্তরীণ কোন্দল বৃদ্ধি পাচ্ছে। তাদের অনুসারীদের মধ্যে একাধিকবার মারামারির ঘটনাও ঘটেছে।
মহিলা দলের সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ এনপিবি নিউজকে বলেন, দীর্ঘ ১৭ বছর বিএনপির আন্দোলন কর্মসূচিতে আমরা সক্রিয় ভুমিকা পালন করেছি। যেখানে যেভাবে দায়িত্ব দেওয়া হয়েছে সেখানে সেভাবেই দায়িত্ব পালন করেছে তার সংগঠন।
কমিটির বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, মহিলা দলের সারাদেশের বিভিন্ন ইউনিটে কমিটি নিয়ে কাজ করা হয়েছে। অনেক ইউনিটে কমিটি দেয়া হয়েছে, এছাড়া বাকি ইউনিট নিয়ে কাজ চলমান রয়েছে।
দীর্ঘ ১৭ বছর আওয়ামী লীগের আমলে কমিটিতে অনেকে আসতে চাইতো না জানিয়ে মহিলা দলের এই নেত্রী বলেন, আন্দোলন সংগ্রামের কেন্দ্রস্থল রাজধানী, তবে এখানে তেমন কোনো ভুমিকা রাখতে পারেনি সংগঠনটি। তবে ঢাকা মহানগর কমিটির দুর্বলতার কথা স্বীকার করে তিনি বলেন, আওয়ামী লীগের সময় বিরোধী দলের রাজনীতি করতে অনকেই চাইতো না। কমিটি দেয়ার জন্য লোকও পাওয়া যেত না।
মহিলা দলের সাধারণ সম্পাদক বলেন, দীর্ঘদিন আগে মহিলা দলের কেন্দ্রীয় কমিটি গঠন করা হয়েছে। যদিও কাউন্সিল না হওয়ার পেছনে আওয়ামী লীগকে দায়ী করেন তিনি।
তিনি বলেন, বিগত সময়ে কাউন্সিল করার মতো কোনো পরিবেশ ছিলো না। যেহেতু কিমিটির বয়স অনেক হয়েছে তাই নতুন কমিটি হওয়া দরকার।
তিনি আরও বলেন, বিএনপি চেয়ারম্যান তারেক রহমান এখন দেশে রয়েছেন, তাই তিনি নতুন কমিটির বিষয়ে সিদ্ধান্ত নিবেন।
মহিলা দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হেলেন জেরিন খান এনপিবি নিউজকে বলেন, দীর্ঘদিন ধরে মহিলা দলের কেন্দ্রীয় কমিটি গঠন করা হয়েছে। অনেকেই নতুন কমিটির কথা বলছেন। নতুন কমিটি না হলে নতুন নেতৃত্ব তৈরি হয় না। এজন্য নতুন কমিটি প্রয়োজন বলেও জানান মহিলা দলের এই নেত্রী।
এ বিষয়ে জানতে মহিলা দলের কেন্দ্রীয় সভাপতি আফরোজা আব্বাসকে একাধিকবার ফোন ও ম্যাসেজ করা হলেও তার কোনো বক্তব্য পাওয়া যায়নি।
মহিলা দলের নতুন কমিটি সম্পর্কে জানতে চাইলে বিএনপির সহ-দফতর সম্পাদক মুনির হোসেন এনপিবিকে বলেন, মহিলা দলের কমিটি হবে হবে শুনেছি, কিন্তু কবে হবে সেটা বলতে পারছি না।
মন্তব্য করুন
