

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনে ঢাকা-১৭ আসনে বিএনপির প্রার্থী ও দলটির চেয়ারম্যান তারেক রহমানকে সমর্থন জানিয়ে প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে দাঁড়িয়েছেন চারজন প্রার্থী। এর আগে মোরগ প্রতীকের প্রার্থী এনায়েত উল্লাহও তারেক রহমানকে সমর্থন দিয়ে মাঠ ছেড়েছিলেন।
বুধবার ( ১১ ফেব্রুয়ারি) সন্ধ্যার পর বিএনপির গুলশান কার্যালয়ের সামনে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রার্থীরা সশরীর এবং টেলিফোনের মাধ্যমে এই সমর্থনের কথা জানান।
এই আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনএফ প্রার্থী এস এম আবুল কালাম আজাদ সংবাদ সম্মেলনে সশরীর উপস্থিত হয়ে তারেক রহমানের প্রতি সমর্থন ঘোষণা করেন।
তিনি বলেন, ‘দেশপ্রেমিক জাতীয়তাবাদী শক্তিকে এই মুহূর্তে নির্বাচনে জয়লাভ করাতেই হবে। সাম্প্রদায়িক শক্তি দেশে অরাজকতা তৈরির চেষ্টা করছে। আমি উপলব্ধি করেছি, আমার প্রার্থিতা জাতীয়তাবাদী শক্তির ভোটকেই বিভক্ত করবে। সেই আশঙ্কা থেকেই আমি তারেক রহমানকে সমর্থন দিচ্ছি।’
সংবাদ সম্মেলনে উপস্থিত হয়ে ডাব প্রতীকের প্রার্থী শামীম আহমেদ বলেন, ‘সবার আগে বাংলাদেশ—এই স্লোগান সামনে রেখে আমি বিএনপি প্রার্থীকে সমর্থন করছি। আমার যাঁরা সমর্থক আছেন, তাঁরা ধানের শীষে ভোট দিলেই আমাকে ভোট দেওয়া হবে বলে গণ্য হবে। দেশের সার্বভৌমত্ব রক্ষায় ধানের শীষের বিকল্প নেই।’
ঢাকার বাইরে থাকায় আনারস প্রতীকের প্রার্থী মোহাম্মদ রাশেদুল হক এবং আপেল প্রতীকের প্রার্থী মনজুর হুমায়ুন টেলিফোনে তারেক রহমানের সঙ্গে কথা বলে তাঁদের সমর্থন ব্যক্ত করেছেন। তাঁরা দুজনেই ভোটারদের আগামী নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে তারেক রহমানকে বিজয়ী করার অনুরোধ জানান।
সংবাদ সম্মেলনে ঢাকা–১৭ আসনে বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির সমন্বয়ক আবদুস সালাম সাংবাদিকদের কাছে অভিযোগ করেন, নির্বাচনী এলাকার বিভিন্ন বস্তিতে টাকা দিয়ে ভোট কেনার চেষ্টা চলছে। প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের জনসমর্থন না থাকায় তাঁরা অবৈধ পথ অবলম্বন করছেন বলে অভিযোগ করা হয়। এ সময় সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ নিশ্চিত করতে নির্বাচন কমিশন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জরুরি হস্তক্ষেপ কামনা করেন তিনি।
মন্তব্য করুন

