

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


রাজধানীর আদাবরে জুলাই আন্দোলনের সময় মাদ্রাসাছাত্র শহীদ নাহিদুল ইসলাম (১৭) হত্যা মামলায় গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জি এম সাহাবুদ্দিন আজমকে গ্রেপ্তার দেখানো হয়েছে। তার জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। আগামী ৯ সেপ্টেম্বর জামিন শুনানির দিন ধার্য করা হয়েছে।
বৃহস্পতিবার (২০ আগস্ট) ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের ৮ নম্বর আদালতের ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এহসানুল ইসলামের আদালতে এ শুনানি হয়।
এদিন সাহাবুদ্দিন আজমের পক্ষে আইনজীবী এস এম শরীফুল ইসলাম জামিনের আবেদন করেন। তিনি মামলার বিরোধিতা করে আদালতকে বলেন, নিহত নাহিদুলের ভাই মামলা করতে অনীহা প্রকাশ করেছিলেন। এরপরও মামলাটি করা হয়েছে বলে দাবি করেন তিনি। রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করে। উভয় পক্ষের শুনানি শেষে আদালত তাকে নাহিদুল হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে জামিন নামঞ্জুর করেন এবং কারাগারে পাঠানোর আদেশ দেন।
মামলার নথি অনুযায়ী, নিহত নাহিদুল ইসলাম হবিগঞ্জের লাখাই উপজেলার বাসিন্দা এবং মাদানী নিসাবের প্রথম বর্ষের মাদ্রাসাছাত্র ছিলেন। ২০২৪ সালের ৫ আগস্ট আদাবর থানা এলাকায় গুলিবিদ্ধ হওয়ার পর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় তার পরিবারের পক্ষ থেকে মামলা করা হয়।
তদন্ত কর্মকর্তার আবেদনে বলা হয়েছে, সাহাবুদ্দিন আজমের বিরুদ্ধে মামলার ঘটনার সঙ্গে সম্পৃক্ততার তথ্য-উপাত্ত পাওয়া গেছে। এ ছাড়া আদাবর, যাত্রাবাড়ী ও গোপালগঞ্জ সদর থানায় তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলে আদালতের নথিতে উল্লেখ করা হয়েছে।
জি এম সাহাবুদ্দিন আজম গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। ২০২৫ সালের জুনে ভারতে পালিয়ে যাওয়ার সময় যশোরের বেনাপোল সীমান্ত থেকে তাকে ও তার স্ত্রীকে গ্রেপ্তার করা হয়েছিল। পুলিশ জানিয়েছিল, সাহাবুদ্দিনের বিরুদ্ধে গোপালগঞ্জ ও যাত্রাবাড়ী থানায় একাধিক হত্যা মামলা রয়েছে। তার স্ত্রীর বিরুদ্ধে মামলা না থাকায় পরে তাকে ছেড়ে দেওয়া হয়।
এর আগে জুলাই আন্দোলনের সময় আদাবরে পোশাকশ্রমিক রুবেল হত্যা মামলাতেও সাহাবুদ্দিন আজমকে গ্রেপ্তার দেখানো হয়। ওই মামলায় আন্দোলনকারীদের ওপর হামলা ও গুলিবর্ষণের ঘটনায় তার সম্পৃক্ততার অভিযোগ আনা হয়েছে।
এখন মাদ্রাসাছাত্র নাহিদুল ইসলাম হত্যা মামলায় গ্রেপ্তার দেখানোর পর সাহাবুদ্দিন আজম কারাগারে রয়েছেন। আগামী ৯ সেপ্টেম্বর এ মামলায় তার জামিন শুনানি অনুষ্ঠিত হবে।


