রবিবার
০২ আগস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
রবিবার
০২ আগস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

গণভোটের রায় বাস্তবায়নে সেপ্টেম্বরে গণসমাবেশ করবে খেলাফত মজলিস

সংবাদ বিজ্ঞপ্তি
প্রকাশ : ২৫ জুলাই ২০২৬, ০৮:১৫ পিএম
ছবি: সংগৃহীত
expand
ছবি: সংগৃহীত

গণভোটের রায় ও জুলাই জাতীয় সনদ পূর্ণাঙ্গ বাস্তবায়নের দাবিতে আগামী সেপ্টেম্বরে বিভাগীয় শহর ও জেলা সদরে গণসমাবেশ করার ঘোষণা দিয়েছে খেলাফত মজলিস। একই সঙ্গে, গণভোটের রায়কে পাশ কাটিয়ে সংবিধান সংশোধনের উদ্যোগ নেওয়া হলে সরকার রাজনৈতিক সংকটে পড়তে পারে বলেও মন্তব্য করেছে সংগঠনটি।

শনিবার (২৫ জুলাই) রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে অনুষ্ঠিত খেলাফত মজলিসের কেন্দ্রীয় মজলিসে শূরার তৃতীয় সাধারণ অধিবেশন-২০২৬ শেষে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

আয়োজিত এই অধিবেশনে নেতারা অভিযোগ করেন, জুলাই জাতীয় সনদ ও গণভোটের পূর্ণাঙ্গ রায় উপেক্ষা করে সরকার সংবিধান সংশোধনের জন্য বিশেষ কমিটি গঠন করেছে। তাদের ভাষ্য, জনগণের প্রত্যাশা অনুযায়ী সংবিধানে এমন সংস্কার প্রয়োজন, যাতে ভবিষ্যতে কখনো স্বৈরাচার ও ফ্যাসিবাদ পুনঃপ্রতিষ্ঠার সুযোগ না থাকে। এ লক্ষ্যে সংসদে অবিলম্বে সংবিধান সংস্কার পরিষদ গঠন এবং জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে কার্যকর উদ্যোগ নেওয়ার দাবি জানানো হয়।

সভায় সেপ্টেম্বর মাসে বিভাগীয় শহর ও জেলা সদরে গণসমাবেশ করার সিদ্ধান্তের পাশাপাশি স্থানীয় সরকার নির্বাচনে যথাসম্ভব অংশগ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়।

খেলাফত মজলিস জানায়, ১১ দলীয় ঐক্য মূলত নির্বাচনী সমঝোতার ভিত্তিতে গঠিত হয়েছিল। নির্বাচন শেষ হওয়ায় ওই জোটের কার্যকারিতা শেষ হয়েছে বলে দলটি মনে করছে। এ কারণে ভবিষ্যতে ১১ দলীয় ঐক্যের কর্মসূচিতে অংশ না নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে দেশ, জাতি ও ইসলামের স্বার্থে প্রয়োজন হলে বৃহত্তর ঐক্য গঠনের প্রচেষ্টা অব্যাহত থাকবে বলে জানানো হয়। একই সঙ্গে সংসদে দলের সংসদ সদস্য বিরোধী দলের ভূমিকা পালন অব্যাহত রাখবেন বলেও উল্লেখ করা হয়।

অধিবেশনে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি, স্বাস্থ্য খাতের সংকট, ডেঙ্গু পরিস্থিতি, মাদক নিয়ন্ত্রণ, মধ্যপ্রাচ্যের সংঘাত, ফিলিস্তিন, রোহিঙ্গা সংকট এবং ভারতের সঙ্গে সীমান্ত ও আঞ্চলিক বিভিন্ন ইস্যুতেও পৃথক প্রস্তাব গ্রহণ করা হয়।

আমীরে খেলাফত মজলিস মাওলানা আব্দুল বাছিত আজাদের সভাপতিত্বে এবং মহাসচিব ড. আহমদ আবদুল কাদেরের সঞ্চালনায় অনুষ্ঠিত অধিবেশনে দলের কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন