

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


চট্টগ্রামের বন্যাকবলিত এলাকা পরিদর্শন করেছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। সেখানে তিনি বলেছেন, ‘জনগণ আমাদের বিরোধীদল হিসেবে সংসদে পাঠিয়েছে। সেখানে আমাদের বসে বসে আঙুল চোষার জন্য পাঠায়নি। জনগণের পক্ষে দাঁড়িয়ে কথা বলার জন্যই আমাদের সংসদে পাঠানো হয়েছে।’
শুক্রবার (১০ জুলাই) সকালে বিমানযোগে চট্টগ্রামে পৌঁছে তিনি সরাসরি বাঁশখালী উপজেলার বন্যাকবলিত বিভিন্ন এলাকা পরিদর্শন করেন। সেখানে পানিবন্দি ও ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং তাদের সার্বিক পরিস্থিতির খোঁজখবর নেন।
পরে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে খাদ্যসামগ্রী ও আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শফিকুর রহমান বলেন, দেশের কিছু এলাকায় প্রায় প্রতি বছরই বন্যা দেখা দেয়। অথচ এ সমস্যার স্থায়ী সমাধান হওয়া উচিত ছিল। তিনি বলেন, ‘সমস্যা যেখানে আছে, সমাধানও সেখানে রয়েছে। সত্যিকার অর্থে দায়িত্বশীল ও দেশপ্রেমিক সরকার দেশ পরিচালনা করলে কোনো সমস্যাই দীর্ঘস্থায়ী হওয়ার কথা নয়। কিন্তু বছরের পর বছর একই পরিস্থিতি চলতে থাকায় বোঝা যায়, যারা দেশ পরিচালনার দায়িত্বে ছিলেন তারা জনগণের কথা না ভেবে নিজেদের স্বার্থ নিয়েই ব্যস্ত ছিলেন।’
তিনি আরও বলেন, ‘আগে যারা দেশ পরিচালনায় গিয়েছিলেন তারা দেশের মানুষের কথা চিন্তা করে নি, তারা করেছে শুধু নিজেদের তিন্তা। জনগণের সম্পদ চুরি ও লুণ্ঠন করেছে ওরা। দেশের সম্পদ বিদেশে পাচার করেছে ওরা। তারা দেশ ও জাতির দুষমন। আমাদের যুদ্ধ সবধরনের চাঁদাবাজির বিরুদ্ধে। আমাদের যুদ্ধ সবধরনের লুণ্ঠন ও চাঁদাবাজি বিরুদ্ধে।’
দেশ শুধু সরকারি দলের নয়, ১৮ কোটি মানুষের উল্লেখ করে বিরোধীদলীয় নেতা বলেন, ‘সংসদ নির্বাচনে জনগণ আমাদের ৯০টি আসনে নির্বাচিত করে বিরোধীদল হিসেবে সংসদে পাঠিয়েছে। সেখানে আমাদের বসে বসে আঙুল চোষার জন্য পাঠায়নি। জনগণের পক্ষে দাঁড়িয়ে কথা বলার জন্যই আমাদের সংসদে পাঠানো হয়েছে। তাই যেখানেই জনগণের সমস্যা ও দুর্ভোগ, সেখানেই আমরা সোচ্চার হব। যেখানেই জনগণের দুর্দশা, আল্লাহ আমাকে বাঁচিয়ে রাখলে আমি সেখানে চলে যাব, ইনশাআল্লাহ।’
তিনি সমাজের বিত্তবান ব্যক্তি, সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন এবং দেশের সর্বস্তরের মানুষের প্রতি নিজ নিজ সামর্থ্য অনুযায়ী বন্যাদুর্গত মানুষের সহায়তায় এগিয়ে আসার আহ্বান জানান।
জামায়াত আমির বলেন, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের দুর্ভোগ লাঘবে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। সংকট মোকাবিলায় সরকার, রাজনৈতিক দল, সামাজিক সংগঠন এবং সাধারণ মানুষের সমন্বিত উদ্যোগ প্রয়োজন।
