সোমবার
১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার
১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

রূপপুর থেকে দ্রুত বিদ্যুৎ উৎপাদনে জোর

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৪ পিএম
ছবি: সংগৃহীত
expand

রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের নির্মাণকাজ নির্ধারিত লক্ষ্যমাত্রা অনুযায়ী ত্বরান্বিত করে দ্রুত জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার বিষয়ে একমত হয়েছে বাংলাদেশ ও রাশিয়া।

অস্ট্রিয়ার ভিয়েনায় অনুষ্ঠিত আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) ৭০তম সাধারণ পরিষদের সাইডলাইনে বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকীর মাহবুব আনাম এবং রাশিয়ার রাষ্ট্রীয় পরমাণু শক্তি সংস্থা ‘রোসাটম’-এর মহাপরিচালক অ্যালেক্সি লিখাচেভের মধ্যে দ্বিপক্ষীয় বৈঠকে এ বিষয়ে আলোচনা হয়।

উচ্চপর্যায়ের এ বৈঠকে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র প্রকল্পের সর্বশেষ অগ্রগতি এবং দ্রুততম সময়ে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

বৈঠকে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের নির্মাণকাজ নির্ধারিত লক্ষ্যমাত্রা অনুযায়ী দ্রুত এগিয়ে নিয়ে দ্রুত বিদ্যুৎ উৎপাদনে যাওয়ার বিষয়ে উভয় পক্ষ একমত পোষণ করে।

বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী আন্তর্জাতিক পারমাণবিক মানদণ্ড ও সর্বোচ্চ নিরাপত্তা বজায় রেখে প্রকল্পের অবশিষ্ট কাজ দ্রুততম সময়ের মধ্যে শেষ করার ওপর গুরুত্বারোপ করেন। অন্যদিকে রোসাটমের মহাপরিচালক প্রকল্পে প্রযুক্তিগত ও কৌশলগত সহায়তা নিরবচ্ছিন্ন রাখার আশ্বাস দেন।

বৈঠক শেষে বাংলাদেশ-রাশিয়া বন্ধুত্বপূর্ণ সম্পর্কের প্রতীক হিসেবে বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকীর মাহবুব আনাম ও রোসাটমের মহাপরিচালক অ্যালেক্সি লিখাচেভ শুভেচ্ছা স্মারক বিনিময় করেন।

দ্বিপক্ষীয় বৈঠকে উভয় দেশের প্রতিনিধি দলের সদস্যরা উপস্থিত ছিলেন। বৈঠকটি সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয় এবং রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের দ্রুত সফল বাস্তবায়নের দিকে এগিয়ে নেওয়ার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করা হয়।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
City bank
City bank