

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


বলিউডের সাবেক তারকা জুটি রণবীর কাপুর ও ক্যাটরিনা কাইফের পুরোনো প্রেমের গোপন অধ্যায়টি নতুন করে আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছে। একসময় যাদের সম্পর্ক নিয়ে অনুরাগীদের কৌতূহলের শেষ ছিল না, তাদেরই গোপন ডেটিংয়ের এক রোমাঞ্চকর ও নাটকীয় ঘটনার স্মৃতিচারণ করেছেন এক ভারতীয় সাবেক সাংবাদিক।
ওই সাংবাদিকের ভাষ্য অনুযায়ী, সম্পর্ক যখন পুরোপুরি গোপনীয়তার চাদরে ঢাকা, ঠিক সেই সময় তারা খবর পান ক্যাটরিনার বাড়িতে আসছেন রণবীর। গভীর রাতে সেই বাড়িতে ওত পেতে বসেছিলেন সংবাদকর্মীরা।
রাত ১টা ৩২ মিনিটে রণবীর বাড়ি থেকে বের হয়ে সাংবাদিকদের উপস্থিতি টের পেয়ে ক্যাপ দিয়ে মুখ ঢেকে কোনোমতে কেটে পড়েন। তবে মূল নাটকীয়তা তৈরি হয় এর কিছুক্ষণ পরেই।
স্থান ত্যাগ করার সামান্য বাদেই হুট করে ফিরে আসেন রণবীর। সরাসরি সাংবাদিকদের গাড়ির দরজা খুলে তাদের ক্যামেরা ব্যাগ ও সাউন্ড রেকর্ডিংয়ের সব সরঞ্জাম কেড়ে নেন তিনি। পরবর্তীতে সাংবাদিকদের নাছোড়বান্দা মনোভাব ও দৃঢ়তা দেখে একপর্যায়ে সরঞ্জামগুলো ফেরত দিতে বাধ্য হন এই অভিনেতা।
এর আগে অন্য এক ঘটনার স্মৃতিচারণ করে ওই সাংবাদিক জানান, একটি শেষকৃত্য থেকে ফেরার পথেও ক্যাটরিনার বাসায় তাদের গোপনে প্রবেশ করার মুহূর্ত ক্যামেরাবন্দি করতে গেলে রণবীর অত্যন্ত চতুরতার সঙ্গে পরিস্থিতি সামলে নিয়েছিলেন।
‘আজাব প্রেম কি গাজাব কাহানি’ সিনেমার সেট থেকে শুরু হওয়া এই সম্পর্কের স্থায়িত্ব ছিল প্রায় সাত বছর, যা ২০১৬ সালে এসে ইতি ঘটে। সময়ের পরিবর্তনে আজ এই দুই তারকা নিজ নিজ ভুবনে থিতু হয়েছেন- রণবীরের জীবনে এসেছেন আলিয়া ভাট এবং ক্যাটরিনার জীবনসঙ্গী হয়েছেন ভিকি কৌশল। তবে পুরোনো সেই দিনের লুকোচুরি ও আকস্মিক সংঘাতের গল্প আজও বলিউড প্রেমীদের মাঝে বেশ কৌতূহল জাগায়।

