সোমবার
১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার
১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

মধ্যপ্রাচ্যে প্রযুক্তি বিনিময়ে পিটন-স্টার ড্রোনসের সমঝোতা

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০১ পিএম
ছবি: সংগৃহীত
expand

মধ্যপ্রাচ্যে বৈদ্যুতিক মোটরসাইকেল (ইভি বাইক) রপ্তানি, প্রযুক্তি বিনিময় ও যৌথ বিনিয়োগে সমঝোতা স্মারক (এমওইউ) সই করেছে বাংলাদেশের পিটন ইন্ডাস্ট্রিজ লিমিটেড ও ওমানের প্রতিষ্ঠান মডার্ন স্টার বিজনেসেস এলএলসি (স্টার ড্রোনস)।

সোমবার (১৪ সেপ্টেম্বর) ঢাকার নভোথিয়েটারে বাংলাদেশ ইনোভেশন ফেয়ার ২০২৬-এর অনুষ্ঠানস্থলের লাউঞ্জে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিবের উপস্থিতিতে এ সমঝোতা স্মারক সই হয়। প্রদর্শনীতে বাংলাদেশি পণ্যের মান ও তরুণ উদ্যোক্তাদের মেধা দেখে সন্তোষ প্রকাশের পর ওমানি প্রতিনিধি দল এ বিনিয়োগ ও অংশীদারত্বের ঘোষণা দেয়।

সমঝোতা স্মারকের আওতায় প্রাথমিকভাবে ওমানের জনপ্রিয় ফুড ডেলিভারি অ্যাপ ‘বিজ’ (Bees)-এর ডেলিভারি বহরের জন্য বাংলাদেশ থেকে ইলেকট্রিক বাইক সংগ্রহ করা হবে। পরবর্তী সময়ে মধ্যপ্রাচ্যের চাহিদা মেটাতে ওমানে একটি পূর্ণাঙ্গ অ্যাসেম্বলি লাইন স্থাপনের পরিকল্পনা রয়েছে।

চুক্তি অনুযায়ী বাংলাদেশ থেকে ইভি প্রযুক্তির জ্ঞান গ্রহণ করবে ওমান। পাশাপাশি রিভার্স ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে দুই দেশের প্রযুক্তিগত সক্ষমতা বাড়ানোর উদ্যোগ নেওয়া হবে।

পিটন ইন্ডাস্ট্রিজ লিমিটেডের পক্ষে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক শেখ ইকবাল জাহেদী এবং মডার্ন স্টার বিজনেসেস এলএলসি (স্টার ড্রোনস)-এর পক্ষে প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সাইদ আব্দুল গাফুর সাইফ উদ্দিন সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব মো. আনোয়ার হোসেন। যৌথ উদ্যোগকে স্বাগত জানিয়ে তিনি বলেন, ‘বাংলাদেশে প্রথমবারের মতো একাডেমিয়া, দেশি-বিদেশি বিনিয়োগকারী এবং স্থানীয় উদ্যোক্তাদের সমন্বয়ে এমন একটি উদ্ভাবনী মেলার আয়োজন করা হয়েছে। আজ পিটন ইন্ডাস্ট্রিজ ও স্টার ড্রোনসের মধ্যকার এই সমঝোতা স্মারক সেই সমন্বিত উদ্যোগেরই এক বাস্তব ফল। এই প্রযুক্তিগত চুক্তি আমাদের জাতীয় অর্থনীতি এবং উদীয়মান সবুজ প্রযুক্তি খাতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।’

স্টার ড্রোনস তাদের নিজস্ব ড্রোন ডেলিভারি প্রযুক্তির সঙ্গে বাংলাদেশের ইভি বাইকের সমন্বয় করে একটি আধুনিক ও সমন্বিত ডেলিভারি নেটওয়ার্ক গড়ে তুলবে। চুক্তি অনুযায়ী ওমান থেকে মূলধন ও ড্রোন প্রযুক্তি বাংলাদেশে এনে স্থানীয়ভাবে বৃহৎ পরিসরে বিনিয়োগ করা হবে।

স্টার ড্রোনসের প্রতিনিধি বলেন, ‘বাংলাদেশি পণ্যের মান এবং এখানকার ইনোভেশন আমাদের মুগ্ধ করেছে। এটি কেবল একটি বাইক ক্রয়ের চুক্তি নয়; বরং মধ্যপ্রাচ্যজুড়ে বাংলাদেশি প্রযুক্তি সম্প্রসারণ এবং বাংলাদেশে ওমানের যৌথ বিনিয়োগের এক দীর্ঘমেয়াদি পরিকল্পনা।’

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশে নিযুক্ত ওমান দূতাবাসের ডেপুটি হেড অব মিশন (উপ-রাষ্ট্রদূত) ও মিনিস্টার প্লেনিপোটেনশিয়ারি ফাথিয়া বিনতে আহমেদ আল বালুশি।

এ ছাড়া উপস্থিত ছিলেন সৌদি আরব-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (SABCCI) সভাপতি আশরাফুল হক চৌধুরী, পিটন ইন্ডাস্ট্রিজ লিমিটেডের চেয়ারম্যান শামসুল আলম লিটন, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর আলী আজগর অপু, স্টার ড্রোনসের সিপিও বাসিম আল্লাহ বখশ গোলাম আল-জাদজালি, এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট রোজান দৌলতজাদেহ এবং মেকাট্রনিক প্রকৌশলী মোহাম্মদ ফৌজান আম্মার।

এই যৌথ উদ্যোগের মাধ্যমে বাংলাদেশ ও ওমানের মধ্যে প্রযুক্তিগত ও বাণিজ্যিক সম্পর্ক আরও সুদৃঢ় হবে এবং দেশে পরিবেশবান্ধব ইভি প্রযুক্তির নতুন দিগন্ত উন্মোচিত হবে বলে আশা প্রকাশ করা হয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
City bank
City bank