মঙ্গলবার
০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার
০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

রোহিঙ্গা ইস্যুতে জাপানের প্রতিনিধি দলের সঙ্গে দুর্যোগ ব্যবস্থাপনা প্রতিমন্ত্রীর বৈঠক 

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৯ পিএম
ছবি: সংগৃহীত
expand

রোহিঙ্গা সংকট মোকাবিলায় বাংলাদেশে চলমান মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত রাখতে জাপানের সহযোগিতা আরও জোরদারের আহ্বান জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী এম ইকবাল হোসেইন। একই সঙ্গে কক্সবাজার ও ভাসানচরে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের জন্য আন্তর্জাতিক অর্থায়ন বাড়ানোর ওপর গুরুত্বারোপ করা হয়েছে।

সোমবার (৭ সেপ্টেম্বর) সকালে সচিবালয়ে সফররত জাপানের দ্য নিপ্পন ফাউন্ডেশন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের (এসপিএফ) উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের সঙ্গে বৈঠকে এসব বিষয়ে আলোচনা হয়। প্রতিনিধিদলের নেতৃত্ব দেন দ্য নিপ্পন ফাউন্ডেশনের চেয়ারম্যান ইয়োহেই সাসাকাওয়া।

বৈঠকে কক্সবাজার ও ভাসানচরে অবস্থানরত রোহিঙ্গাদের বর্তমান পরিস্থিতি, চলমান মানবিক সহায়তা কার্যক্রম এবং আন্তর্জাতিক অর্থায়ন সংকট নিয়ে আলোচনা করা হয়। বৈদেশিক মানবিক সহায়তা ও অর্থায়ন কমে যাওয়ায় রোহিঙ্গাদের খাদ্য, পুষ্টি, স্বাস্থ্যসেবা, পানি ও স্যানিটেশন, সুরক্ষা, আশ্রয় এবং অন্যান্য জরুরি সেবা অব্যাহত রাখা ক্রমেই কঠিন হয়ে পড়ছে বলে বৈঠকে উল্লেখ করা হয়।

এ অবস্থায় রোহিঙ্গাদের মৌলিক মানবিক চাহিদা পূরণে আন্তর্জাতিক অংশীদারদের কাছ থেকে পর্যাপ্ত, অব্যাহত ও দীর্ঘমেয়াদি অর্থায়নের প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব দেওয়া হয়। বিশেষ করে কক্সবাজার ও ভাসানচরে রোহিঙ্গাদের জন্য মানবিক সহায়তা কার্যক্রম চালু রাখতে এবং অর্থায়ন সংকট মোকাবিলায় দ্য নিপ্পন ফাউন্ডেশন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের সহযোগিতা আরও বাড়ানোর আহ্বান জানানো হয়।

বৈঠকে রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান হিসেবে দ্রুত, নিরাপদ, স্বেচ্ছামূলক, মর্যাদাপূর্ণ ও টেকসই প্রত্যাবাসনের ওপর গুরুত্বারোপ করা হয়। এ লক্ষ্য অর্জনে আন্তর্জাতিক পর্যায়ে প্রয়োজনীয় সহযোগিতা ও সমর্থন অব্যাহত রাখার জন্য জাপানের প্রতিনিধিদলের প্রতি আহ্বান জানানো হয়।

জাপানের প্রতিনিধিদল রোহিঙ্গাদের জন্য চলমান কার্যক্রমে সহযোগিতা অব্যাহত রাখার পাশাপাশি ভবিষ্যতে সহযোগিতার ক্ষেত্র আরও সম্প্রসারণের বিষয়ে আশাবাদ ব্যক্ত করে। রোহিঙ্গা সংকট মোকাবিলায় বাংলাদেশ সরকার, আন্তর্জাতিক সংস্থা ও উন্নয়ন সহযোগীদের মধ্যে সমন্বিত ও কার্যকর অংশীদারিত্ব আরও জোরদারের প্রয়োজনীয়তার কথাও বৈঠকে উঠে আসে।

বৈঠকে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ সচিব মো. সাইফুল ইসলাম উপস্থিত ছিলেন। জাপানের প্রতিনিধিদলের মধ্যে ছিলেন সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের সেন্টার ফর মেডিয়েশন সাপোর্টের পরিচালক আকিকো হোরিবা এবং দ্য নিপ্পন ফাউন্ডেশনের সম্মানসূচক চেয়ারম্যানের সচিব ও জেনারেল ম্যানেজার শোতা নাকায়াসু।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
City bank
City bank