

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


বাংলাদেশ ও ভারতের দ্বিপক্ষীয় সম্পর্কের নানা আলোচিত ইস্যুর মধ্যে ঢাকায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে প্রথমবার সৌজন্য সাক্ষাৎ করতে যাচ্ছেন ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী।
সোমবার (১০ আগস্ট) সকাল ১১টায় সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ বৈঠক হওয়ার কথা রয়েছে।
এর আগে রোববার রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন ভারতীয় হাইকমিশনার। ওই বৈঠকের পরই প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁর আসন্ন সাক্ষাতের বিষয়টি জানান পররাষ্ট্রমন্ত্রী।
প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে বাংলাদেশ-ভারত সম্পর্কের বর্তমান পরিস্থিতি, পারস্পরিক স্বার্থ এবং দুই দেশের মধ্যে আলোচনায় থাকা বিভিন্ন বিষয় উঠে আসতে পারে। বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফ করার কথা রয়েছে পররাষ্ট্রমন্ত্রীর।
দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে বেশ কিছু সংবেদনশীল বিষয় দীর্ঘদিন ধরেই আলোচনায় রয়েছে। এর মধ্যে ভারতে অবস্থান করে শেখ হাসিনার রাজনৈতিক কর্মকাণ্ড, সীমান্তে প্রাণহানি, অভিন্ন নদীর পানির হিস্যা এবং পুশ-ইনের অভিযোগ উল্লেখযোগ্য। এসব ইস্যুর পাশাপাশি ভবিষ্যৎ দ্বিপক্ষীয় যোগাযোগের গতিপথ নিয়েও বৈঠকে আলোচনা হতে পারে বলে সংশ্লিষ্টদের ধারণা।
কূটনৈতিক পর্যবেক্ষকদের কাছে তাই আজকের সাক্ষাৎটি বিশেষ গুরুত্ব পাচ্ছে। প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের প্রথম বৈঠক দুই দেশের সম্পর্কের ভবিষ্যৎ অগ্রাধিকারের বিষয়ে কিছুটা ধারণা দিতে পারে। একই সঙ্গে আগামী সেপ্টেম্বরে প্রধানমন্ত্রীর সম্ভাব্য দিল্লি সফর নিয়েও বৈঠক থেকে কোনো বার্তা পাওয়া যায় কি না, সেদিকেও নজর থাকবে।