

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


জুলাই গণঅভ্যুত্থান দেশের মানুষের গণতান্ত্রিক অধিকার, ন্যায়বিচার ও স্বাধীনতার আকাঙ্ক্ষার এক গুরুত্বপূর্ণ অধ্যায় বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেন, জুলাই আন্দোলন শুধু একটি রাজনৈতিক ঘটনা নয়, এটি মানুষের মর্যাদা, সাহস ও ঐক্যের প্রতীক।
মঙ্গলবার (৪ আগস্ট) জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন।
বিবৃতিতে ড. ইউনূস জুলাই আন্দোলনে জীবন উৎসর্গকারী শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান এবং আহত, নিখোঁজ ও নির্যাতনের শিকার ব্যক্তিদের প্রতি সম্মান ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, তাদের আত্মত্যাগ দেশের ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে।
তিনি আরও বলেন, জুলাই ছিল দেশের সর্বস্তরের মানুষের আন্দোলন। স্কুল, কলেজ, মাদ্রাসা ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক, সাংবাদিক, আইনজীবী, চিকিৎসক, শ্রমিক, কৃষক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, পেশাজীবীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এতে অংশ নিয়েছিলেন। তাঁদের সম্মিলিত অংশগ্রহণই আন্দোলনকে সফলতার দিকে নিয়ে যায়।
অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা আরও বলেন, জুলাই আন্দোলনে নারীদের সাহসী ভূমিকা নতুন প্রজন্মের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে। তিনি গণতান্ত্রিক মূল্যবোধ, আইনের শাসন ও মানবিক রাষ্ট্র গঠনে সবার প্রতি একসঙ্গে কাজ করার আহ্বান জানান।
এছাড়া, জুলাই গণঅভ্যুত্থান দেশের মানুষকে শিখিয়েছে যে ঐক্যবদ্ধ থাকলে অন্যায় ও অবিচারের বিরুদ্ধে সফলভাবে দাঁড়ানো সম্ভব বলেও মন্তব্য করেন তিনি।
একইসঙ্গে সেই চেতনা ধারণ করে একটি ন্যায়ভিত্তিক, গণতান্ত্রিক ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।