শনিবার
০৮ আগস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শনিবার
০৮ আগস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

পাসপোর্ট ইনডেক্সে আরও ২ ধাপ পেছাল বাংলাদেশ

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২৭ জুলাই ২০২৬, ০৪:৪৪ পিএম
ফাইল ছবি
expand
ফাইল ছবি

বিশ্বের বিভিন্ন দেশে ভ্রমণের ক্ষেত্রে বাংলাদেশি পাসপোর্টধারীদের সুযোগ আরও কিছুটা সংকুচিত হয়েছে। হেনলি পাসপোর্ট ইনডেক্সের ২০২৬ সালের জুলাই সংস্করণ অনুযায়ী, বাংলাদেশের পাসপোর্ট এখন বিশ্বের ৯৭তম শক্তিশালী। বছরের শুরুতে অবস্থান ছিল ৯৫তম। একই সময়ে ভিসামুক্ত বা সহজ ভিসা সুবিধার দেশও কমে হয়েছে ৩৫টি, যা জানুয়ারিতে ছিল ৩৭।

লন্ডনভিত্তিক পরামর্শক প্রতিষ্ঠান হেনলি অ্যান্ড পার্টনার্স বিশ্বের ১৯৯টি পাসপোর্ট এবং ২২৭টি গন্তব্য বিশ্লেষণ করে এই সূচক প্রকাশ করেছে। কোনো দেশের নাগরিক কতটি দেশে আগাম ভিসা ছাড়াই অথবা অন-অ্যারাইভাল ও ইলেকট্রনিক ট্রাভেল অথরাইজেশন (ইটিএ) সুবিধায় প্রবেশ করতে পারেন, তার ভিত্তিতেই এই র‍্যাঙ্কিং নির্ধারণ করা হয়।

সর্বশেষ সূচকে বাংলাদেশের সঙ্গে যৌথভাবে ৯৭তম অবস্থানে রয়েছে উত্তর কোরিয়া। দুই দেশের নাগরিকই মোট ৩৫টি গন্তব্যে তুলনামূলক সহজে ভ্রমণের সুযোগ পান।

তবে বছরের শুরু থেকে দুই ধাপ পিছিয়ে গেলেও গত বছরের জুলাইয়ের তুলনায় বাংলাদেশের অবস্থানে সামান্য উন্নতি হয়েছে। ২০২৫ সালের একই সময়ে বাংলাদেশের অবস্থান ছিল ১০০তম। অর্থাৎ এক বছরের ব্যবধানে তিন ধাপ এগোলেও সর্বশেষ ছয় মাসে আবার কিছুটা অবনতি হয়েছে।

বর্তমানে বাংলাদেশি পাসপোর্টধারীরা ১৭টি দেশ ও অঞ্চলে সম্পূর্ণ ভিসামুক্ত প্রবেশের সুযোগ পান। এসব গন্তব্যের মধ্যে রয়েছে বাহামা, বার্বাডোজ, ডমিনিকা, ফিজি, জ্যামাইকা, ভানুয়াতু, কিরিবাতি, মাইক্রোনেশিয়া, ত্রিনিদাদ ও টোবাগোসহ কয়েকটি ক্যারিবীয় ও প্রশান্ত মহাসাগরীয় দেশ।

এ ছাড়া ভুটান, মালদ্বীপ, নেপাল, কম্বোডিয়া, মাদাগাস্কার, সামোয়া, টুভ্যালুসহ ১৪টি দেশে পৌঁছে অন-অ্যারাইভাল ভিসা নেওয়া যায়।

অন্যদিকে শ্রীলঙ্কা, কেনিয়া, সেন্ট কিটস অ্যান্ড নেভিস এবং সেশেলসে ভ্রমণের আগে অনলাইনে ইলেকট্রনিক ট্রাভেল অথরাইজেশন (ইটিএ) নিতে হয়। এটি প্রচলিত ভিসা নয়, তবে ভ্রমণের আগে অনুমোদন বাধ্যতামূলক।

বাংলাদেশি পাসপোর্টের অবস্থান দীর্ঘ সময় ধরেই নিম্নমুখী। ২০০৬ সালে হেনলি সূচকে বাংলাদেশের অবস্থান ছিল ৬৮তম। এরপর ধাপে ধাপে সেই অবস্থান নিচের দিকে নেমেছে। ২০২১ সালে বাংলাদেশ নেমে যায় ১০৮তম স্থানে, যা এ পর্যন্ত সবচেয়ে খারাপ অবস্থান।

পরবর্তী কয়েক বছরে কিছুটা উন্নতি দেখা গেলেও তা স্থায়ী হয়নি। ২০২২ সালে অবস্থান ছিল ১০৩তম, ২০২৩ সালে ১০১তম এবং ২০২৪ সালে ৯৭তম। ২০২৫ সালে আবার ১০০তম স্থানে নেমে যাওয়ার পর ২০২৬ সালের জানুয়ারিতে ৯৫তম হলেও জুলাই সংস্করণে আবার ৯৭তম হয়েছে।

এবারও বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্টের অবস্থান ধরে রেখেছে সিঙ্গাপুর। দেশটির নাগরিকরা আগাম ভিসা ছাড়াই ১৯২টি দেশে ভ্রমণ করতে পারেন। দ্বিতীয় স্থানে রয়েছে জাপান, দক্ষিণ কোরিয়া ও সংযুক্ত আরব আমিরাত, যাদের জন্য উন্মুক্ত ১৮৮টি গন্তব্য।

দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে সবচেয়ে এগিয়ে রয়েছে মালদ্বীপ। তাদের অবস্থান ৫২তম এবং ভিসামুক্ত বা সহজ প্রবেশযোগ্য গন্তব্য ৯৩টি। ভারতের অবস্থান ৮১তম, ভুটান ৮৮তম, মিয়ানমার ৯১তম এবং শ্রীলঙ্কা ৯৪তম।

বাংলাদেশের ঠিক পরেই রয়েছে নেপাল (৯৮তম)। পাকিস্তানের অবস্থান ১০১তম। সূচকের একেবারে শেষ স্থানে রয়েছে আফগানিস্তান। আফগান পাসপোর্টধারীরা মাত্র ২২টি দেশে ভিসামুক্ত বা সহজ প্রবেশের সুযোগ পান।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন