সোমবার
২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার
২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

রাষ্ট্রপতি নির্বাচন: শিগগির ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে সিইসির বৈঠক

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২৬ জুলাই ২০২৬, ০৬:০১ পিএম
ছবি : সংগৃহীত।
expand
ছবি : সংগৃহীত।

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের পর নতুন রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি শুরু করেছে নির্বাচন কমিশন (ইসি)। এ লক্ষ্যে শিগগিরই ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামালের সঙ্গে বৈঠকে বসবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।

রোববার (২৬ জুলাই) নির্বাচন কমিশনের অনানুষ্ঠানিক বৈঠকে রাষ্ট্রপতি নির্বাচন-সংক্রান্ত সাংবিধানিক ও আইনি বিষয় পর্যালোচনা করা হয়। বৈঠকের পর ইসি সচিব আখতার আহমেদ জানান, প্রচলিত রীতি অনুযায়ী সিইসি ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে সাক্ষাৎ করবেন। এ জন্য আগামী দু-এক দিনের মধ্যে ইসি সচিবালয় থেকে বৈঠকের সময় চেয়ে চিঠি পাঠানো হবে।

গুরুতর অসুস্থতার কথা জানিয়ে গত শুক্রবার রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেন। সংবিধান অনুযায়ী নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত স্পিকার হাফিজ উদ্দিন আহমদ রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন এবং এ সময় ডেপুটি স্পিকার কায়সার কামাল ভারপ্রাপ্ত স্পিকারের দায়িত্বে থাকবেন। এ-সংক্রান্ত গেজেট ইতোমধ্যে প্রকাশিত হয়েছে।

সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতির পদ শূন্য হওয়ার ৯০ দিনের মধ্যে নির্বাচন সম্পন্ন করতে হবে। সে অনুযায়ী আগামী ২২ অক্টোবরের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচন আয়োজনের বাধ্যবাধকতা রয়েছে। সংসদ সদস্যদের গোপন ব্যালটের মাধ্যমে এ নির্বাচন অনুষ্ঠিত হবে। সংসদ সচিবালয় থেকে ভোটার তালিকা পাওয়ার পর নির্বাচন কমিশন তফসিল ঘোষণা করবে।

এদিকে আইনমন্ত্রী আসাদুজ্জামান আশা প্রকাশ করেছেন, জাতীয় সংসদের পরবর্তী অধিবেশনেই নতুন রাষ্ট্রপতি নির্বাচন সম্পন্ন করা সম্ভব হবে।

অন্যদিকে, জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের বিষয়ে এখনও জাতীয় সংসদ সচিবালয় থেকে কোনো আনুষ্ঠানিক চিঠি পায়নি নির্বাচন কমিশন। ইসি সচিব আখতার আহমেদ জানান, দলীয় বহিষ্কারের বিষয়ে জামায়াতের চিঠি পাওয়া গেলেও সংসদের কোনো রেফারেন্স এখনও ইসিতে পৌঁছেনি।

এর আগে নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ জানান, শুধু দল থেকে বহিষ্কার করলেই কোনো সংসদ সদস্যের আসন শূন্য হয় না। তবে স্পিকার বা জাতীয় সংসদ থেকে আনুষ্ঠানিক রেফারেন্স পেলে আইন ও সংবিধান অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেবে নির্বাচন কমিশন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন