বুধবার
০৫ আগস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
বুধবার
০৫ আগস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

বঙ্গভবন ছেড়ে কোথায় উঠছেন সদ্য বিদায়ী রাষ্ট্রপতি

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২৫ জুলাই ২০২৬, ০৪:২৭ এএম
ফাইল ছবি
expand
ফাইল ছবি

রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগের পর মো. সাহাবুদ্দিন এখন আর রাষ্ট্রপতি নন। তবে দায়িত্ব ছাড়ার পরও আরও দুই দিন বঙ্গভবনে অবস্থান করবেন তিনি। এরপর রোববার নিজের গুলশানের বাসায় ফিরে যাওয়ার কথা রয়েছে সাবেক এই রাষ্ট্রপতির।

বঙ্গভবনের একাধিক সূত্র জানিয়েছে, শনিবার বঙ্গভবনে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিদায়ী বৈঠক করবেন মো. সাহাবুদ্দিন। রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব শেষ করার পর নিয়ম অনুযায়ী এই বিদায়ী আনুষ্ঠানিকতা পালন করবেন তিনি।

শুক্রবার স্পিকার হাফিজ উদ্দিন আহমদের কাছে পদত্যাগপত্র জমা দেন মো. সাহাবুদ্দিন। এরপরই তার পদত্যাগ কার্যকর হয়।

পদত্যাগের পর তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে—এমন খবর ছড়িয়ে পড়লেও তা অস্বীকার করেছেন রাষ্ট্রপতির প্রেস সচিব মো. সরওয়ার আলম। তিনি জানান, সাবেক রাষ্ট্রপতি বর্তমানে বঙ্গভবনেই অবস্থান করছেন।

সরওয়ার আলম বলেন, শারীরিক সমস্যার কারণে এর আগে তিনি দুইবার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসকের পরামর্শ নিয়েছেন। কয়েক দিন আগে পরীক্ষায় তার ‘অটোনমিক নিউরোপ্যাথি’ শনাক্ত হয়েছে। তবে পদত্যাগের পর নতুন করে হাসপাতালে ভর্তি হওয়ার কোনো তথ্য নেই।

তিনি আরও বলেন, রাষ্ট্রপতির পদ ছাড়লেও মো. সাহাবুদ্দিন নির্ধারিত রাষ্ট্রীয় প্রটোকল সুবিধার আওতায় থাকবেন। নিয়ম অনুযায়ী আগামী ছয় মাস তিনি এই সুবিধা পাবেন এবং প্রক্রিয়া অনুসরণ করেই বঙ্গভবন ছাড়বেন।

বঙ্গভবনের নিয়ম অনুযায়ী, দায়িত্ব শেষ করা রাষ্ট্রপতি বিদায়ের আগে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে আনুষ্ঠানিক বৈঠক করেন। সেই ধারাবাহিকতায় শনিবার দুপুর ১২টায় এ বৈঠক হওয়ার কথা রয়েছে।

ফিরবেন পুরোনো ঠিকানায়

রাষ্ট্রপতির দায়িত্ব নেওয়ার আগে মো. সাহাবুদ্দিন গুলশান-১ নম্বর এলাকায় নিজের ফ্ল্যাটে বসবাস করতেন। বঙ্গভবন ছাড়ার পর তিনি সেই বাসাতেই ফিরে যাবেন বলে জানা গেছে।

এদিকে বঙ্গভবনে থাকা তার ব্যক্তিগত জিনিসপত্র সরানোর কাজও শেষ পর্যায়ে রয়েছে। রোববার তিনি বঙ্গভবন ছেড়ে গুলশানের বাসায় উঠতে পারেন। পরে চিকিৎসার জন্য দেশে অথবা সিঙ্গাপুরে যাওয়ার সম্ভাবনাও রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

সাবেক রাষ্ট্রপতি হিসেবে যেসব সুবিধা পাবেন

‘রাষ্ট্রপতির অবসরভাতা, আনুতোষিক ও অন্যান্য সুবিধা আইন, ২০১৬’ অনুযায়ী, মেয়াদ পূর্ণ করা অথবা অন্তত ছয় মাস রাষ্ট্রপতির দায়িত্ব পালন করা ব্যক্তি অবসর সুবিধা পাওয়ার অধিকারী।

আইন অনুযায়ী, সাবেক রাষ্ট্রপতি সর্বশেষ পাওয়া বেতনের ৭৫ শতাংশ হারে মাসিক অবসরভাতা পাবেন। এ সুবিধা তার মৃত্যুর আগ পর্যন্ত বহাল থাকবে।

এ ছাড়া সাবেক রাষ্ট্রপতি একজন ব্যক্তিগত সহকারী, একজন অ্যাটেনডেন্ট, নির্ধারিত সরকারি ব্যয় সুবিধা, সরকারি অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য যানবাহন সুবিধা এবং নির্দিষ্ট সীমার মধ্যে টেলিফোন সুবিধা পাবেন।

তিনি একজন মন্ত্রীর সমপরিমাণ চিকিৎসা সুবিধা, কূটনৈতিক পাসপোর্ট এবং দেশের ভেতরে ভ্রমণের সময় সরকারি সার্কিট হাউস বা রেস্ট হাউসে বিনা ভাড়ায় থাকার সুযোগও পাবেন।

তবে রাষ্ট্রপতির পদ থেকে সরে যাওয়ার পর তিনি আর রাষ্ট্রপতি হিসেবে সংবিধান নির্ধারিত বিশেষ মর্যাদা ও সাংবিধানিক সুবিধা ভোগ করবেন না।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন