

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, “হাসপাতালে ব্যবহৃত কোনো ওষুধের মেয়াদ যেন কোনোভাবেই উত্তীর্ণ না হয়, সে বিষয়ে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে।”
সোমবার (৬ জুলাই) রাজধানীর কেন্দ্রীয় ভেটেরিনারি হাসপাতাল ক্যাম্পাসে বাংলাদেশ ভেটেরিনারি কাউন্সিলের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, “কেন্দ্রীয় ভেটেরিনারি হাসপাতাল প্রাণীর চিকিৎসায় মানুষের অন্যতম ভরসার প্রতিষ্ঠান। জনসংখ্যা বৃদ্ধির পাশাপাশি দেশে পোষা প্রাণীর সংখ্যাও বাড়ছে। এ বাস্তবতায় প্রাণিসম্পদ খাতের চিকিৎসা সেবা আরো সম্প্রসারণ ও আধুনিকায়নের কোনো বিকল্প নেই।”
তিনি বলেন, “প্রাণীর চিকিৎসা সেবাকে যুগোপযোগী, কার্যকর ও জনবান্ধব করতে হাসপাতালের সক্ষমতা বৃদ্ধি, মানসম্মত চিকিৎসা সেবা নিশ্চিত এবং প্রয়োজনীয় অবকাঠামো সম্প্রসারণে সরকার সর্বোচ্চ গুরুত্ব দেবে।”
সুলতান সালাউদ্দিন টুকু আরো বলেন, “দেশের বিভিন্ন অঞ্চলে পোষা প্রাণীর সংখ্যা ক্রমাগত বাড়ছে। তাই কেন্দ্রীয় ভেটেরিনারি হাসপাতালের শাখা সম্প্রসারণ এবং সেবার পরিধি বাড়াতে হবে, যাতে দেশের সব অঞ্চলের প্রাণী সহজেই উন্নত ও আধুনিক চিকিৎসা সেবা পায় ।”
প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক মো. শাহজামান খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব মো. দেলোয়ার হোসেন।
এ সময় প্রাণিসম্পদ অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) ডা. মো. বয়জার রহমান, কেন্দ্রীয় ভেটেরিনারি হাসপাতালের পরিচালক ডা. আব্দুল আজিজ আল মামুন, কেন্দ্রীয় প্রাণিসম্পদ ঔষধাগারের পরিচালক ড. রফিকুল ইসলাম তালুকদার, টক্সিকোলজি ও জুরিসপ্রুডেন্স অনুবিভাগের চিফ সায়েন্টিফিক অফিসার ড. মো. আবু সুফিয়ান, বাংলাদেশ ভেটেরিনারি কাউন্সিলের রেজিস্ট্রার ডা. গোপাল চন্দ্র বিশ্বাসসহ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।