সোমবার
০৬ জুলাই ২০২৬, ২২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার
০৬ জুলাই ২০২৬, ২২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

ট্রাভেল পারমিটে ভারত থেকে ফিরলেন ৫০ বাংলাদেশি

বেনাপোল প্রতিনিধি
প্রকাশ : ০৫ জুলাই ২০২৬, ১০:৪৬ পিএম
ভারত থেকে ফিরলেন ৫০ বাংলাদেশি
expand
ভারত থেকে ফিরলেন ৫০ বাংলাদেশি

অবৈধ অনুপ্রবেশের অভিযোগে ভারতের তামিলনাড়ু রাজ্যে আটক ৫০ বাংলাদেশি নাগরিক ট্রাভেল পারমিটের মাধ্যমে দেশে ফিরেছেন।

রবিবার (৫ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে বেনাপোল-পেট্রাপোল আন্তর্জাতিক সীমান্তের শূন্যরেখায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) আনুষ্ঠানিকভাবে তাদের বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর কাছে হস্তান্তর করে।

ভারতের প্রশাসনিক সূত্র জানায়, তামিলনাড়ুর বিভিন্ন এলাকা থেকে আটক এসব বাংলাদেশিকে সালেম জেলার আট্টুর মহকুমার একটি বিশেষ শিবিরে রাখা হয়েছিল। নাগরিকত্ব যাচাই ও আইনি প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর তাদের দেশে ফেরানোর অনুমোদন দেওয়া হয়।

গত ৩ জুলাই কঠোর নিরাপত্তার মধ্যে বিশেষ পুলিশ ভ্যানে করে তাদের তিরুচিরাপল্লি রেলস্টেশনে নেওয়া হয়। সেখান থেকে ট্রেনে পশ্চিমবঙ্গের পেট্রাপোল সীমান্তে আনা হলে বিএসএফ তাদের বাংলাদেশি কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করে।

বেনাপোল চেকপোস্ট সূত্র জানায়, প্রত্যাবাসিত ৫০ জনের মধ্যে ৪৪ জন পুরুষ ও ৬ জন নারী রয়েছেন। তাদের অধিকাংশই যশোর, সাতক্ষীরা, খুলনা ও নড়াইলসহ দেশের বিভিন্ন জেলার বাসিন্দা। ভারতীয় কর্তৃপক্ষ প্রত্যেকের নামে পৃথক ট্রাভেল পারমিট ইস্যু করে এবং বাংলাদেশ সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নাগরিকত্ব যাচাই শেষে প্রত্যাবাসনের প্রক্রিয়া সম্পন্ন হয়।

বেনাপোল ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুর রহমান জানান, পরিচয় ও ঠিকানা পুনরায় যাচাই শেষে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে তাদের বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হবে।

বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফ হোসেন বলেন, থানার আনুষ্ঠানিকতা শেষে স্থানীয় এনজিওর সহায়তায় তাদের নিজ নিজ পরিবারের কাছে পৌঁছে দেওয়া হবে।

যশোর জাস্টিস অ্যান্ড কেয়ারের ভলান্টিয়ার শফিকুল ইসলাম জানান, দেশে ফেরা ব্যক্তিরা দালালের প্রলোভনে ভারতে গিয়ে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে আটক হন। ২ থেকে ৫ বছর কারাভোগের পর ট্রাভেল পারমিটের মাধ্যমে তারা দেশে ফিরেছেন। আইনি প্রক্রিয়া শেষে যশোর জাস্টিস অ্যান্ড কেয়ার ২৫ জন এবং রাইটস যশোর ২৫ জনকে গ্রহণ করে পরিবারের কাছে পৌঁছে দেবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
Brazil VS Norway
Scheduled
06 Jul, 02:00 AM
VS
World Cup