

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির রাষ্ট্রীয় জানাজা ও শেষকৃত্য অনুষ্ঠানে বাংলাদেশের প্রতিনিধিত্ব শেষে দেশে ফিরেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। সফরকালে তিনি ইরানের রাষ্ট্রপতিসহ দেশটির শীর্ষ নেতাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন এবং বাংলাদেশের পক্ষ থেকে শোক ও সমবেদনা জানান।
রোববার (৫ জুলাই) রাত ১১টায় ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।
এর আগে ২ জুলাই তিনি তেহরানের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন। সফরকালে তিনি তেহরানের গ্র্যান্ড মসাল্লায় আয়োজিত রাষ্ট্রীয় জানাজা ও শেষকৃত্য অনুষ্ঠানে অংশ নেন এবং আয়াতুল্লাহ আলী খামেনির আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করেন।
অনুষ্ঠান চলাকালে তিনি ইরানের রাষ্ট্রপতি মাসুদ পেজেশকিয়ানসহ উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করেন এবং শোকসন্তপ্ত ইরানি জনগণের প্রতি বাংলাদেশের সংহতি ও সমবেদনা পুনর্ব্যক্ত করেন।
সফরে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে স্বাক্ষরিত শান্তি সমঝোতা বাস্তবায়নে ইরানের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফের ভূমিকার প্রশংসা করেন। পাশাপাশি সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের জন্য তাকে আনুষ্ঠানিক আমন্ত্রণ জানান।
উল্লেখ্য, আয়াতুল্লাহ আলী খামেনি ১৯৩৯ সালের ১৯ এপ্রিল ইরানের মাশহাদে জন্মগ্রহণ করেন। চলতি বছর ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের হামলায় ৮৬ বছর বয়সে তিনি মৃত্যুবরণ করেন।
