

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


ফুটবল বিশ্বকাপকে ঘিরে রাজধানীতে বড় স্ক্রিনে খেলা দেখার আয়োজনগুলোতে নিরাপত্তা জোরদারের সিদ্ধান্ত নিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। সম্প্রতি খেলা দেখা ও জয় উদযাপনকে কেন্দ্র করে সংঘর্ষে এক বিএনপি নেতা নিহত হওয়ার ঘটনার পর এ উদ্যোগ নেওয়া হয়েছে।
শুক্রবার (০৩ জুলাই) বিকেলে মিন্টো রোডে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান গোয়েন্দা পুলিশের (ডিবি) অতিরিক্ত পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম।
তিনি বলেন, রাজধানীর বিভিন্ন এলাকায় বড় স্ক্রিনে খেলা দেখার আয়োজন করা হয়। এসব স্থানে যেন কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে, সে জন্য সংশ্লিষ্ট থানা-পুলিশকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।
শফিকুল ইসলাম বলেন, ‘কোথায় কোথায় বড় স্ক্রিনে খেলা দেখানো হবে, সেসব স্থান চিহ্নিত করে আয়োজকদের সঙ্গে সমন্বয় করবে পুলিশ। প্রয়োজন অনুযায়ী সেখানে পুলিশ সদস্য মোতায়েন করা হবে। থানা-পুলিশের পাশাপাশি ডিবিও এসব স্থানে নজরদারি চালাবে।’
নগরবাসীর প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, খেলার আনন্দ যেন কোনোভাবেই সহিংসতায় রূপ না নেয়। জয়-পরাজয় খেলাধুলারই অংশ। সবাইকে একে অপরের মতামত ও সমর্থনের প্রতি শ্রদ্ধাশীল এবং সহনশীল থাকার আহ্বান জানান তিনি।
ডিবি জানায়, গত সোমবার (২৯ জুন) রাতে বিশ্বকাপে জাপানের বিপক্ষে ব্রাজিলের জয় উদযাপনকে কেন্দ্র করে আদাবরের নবোদয় হাউজিং এলাকায় কয়েকজন কিশোর ঢোল ও বাঁশি বাজিয়ে আনন্দ করছিলেন। এ সময় হাবিব নামে এক ব্যক্তি নিরব নামে এক যুবককে মারধর করেন। ওই ঘটনাকে কেন্দ্র করে সৃষ্টি হওয়া বিরোধের জেরে বুধবার (০১ জুলাই) রাতে ইউনিট বিএনপির সাধারণ সম্পাদক মো. আবুল বাশার বাদশাকে কুপিয়ে হত্যা করা হয়।
এ ঘটনায় সরাসরি জড়িত থাকার অভিযোগে বৃহস্পতিবার (০২ জুলাই) ময়মনসিংহ থেকে নিরব, রিপন, মজনু ও মিজানুর রহমানকে গ্রেপ্তার করে ডিবির তেজগাঁও বিভাগ।
অতিরিক্ত পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম জানান, গ্রেপ্তার চারজনের মধ্যে রিপন সরাসরি ছুরিকাঘাত করেছে। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরিও উদ্ধার করা হয়েছে।
তিনি আরও জানান, হামলায় আহত ইউনিট বিএনপির সভাপতি বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন রয়েছেন।
বিশ্বকাপের বাকি ম্যাচগুলোকে সামনে রেখে রাজধানীতে বড় স্ক্রিনে খেলা দেখার আয়োজনগুলোতে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার থাকবে বলে জানিয়েছে ডিএমপি।

