

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


সংসদের বিরোধী দলীয় নেতা ও জামায়াতের আমির ডা. শফিকুর রহমানের প্রশংসা করেছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
তিনি বলেছেন, বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে ডা. শফিকুর রহমানের মতো দূরদর্শী ও বিচক্ষণ বিরোধী নেতা আগে ছিলেন না, ভবিষ্যতে হবেন কি না, তা তিনি জানেন না।
বুধবার (১ জুলাই) বিরোধী দলীয় নেতার সংসদীয় এলাকা পরিদর্শনে গিয়ে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।
মীর শাহে আলম বলেন, সংসদে ডা. শফিকুর রহমান এমনভাবে বক্তব্য উপস্থাপন করেন যে ট্রেজারি বেঞ্চ ও বিরোধী দলের মধ্যে সৌহার্দ্যপূর্ণ পরিবেশ বজায় থাকে। আইন পাস থেকে শুরু করে বিভিন্ন বিতর্ক শেষে সংসদের পরিবেশ ইতিবাচক রাখতে বিরোধী দলীয় নেতার ভূমিকা গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেন তিনি।
তিনি আরও বলেন, বাজেট বক্তব্যে ডা. শফিকুর রহমান তার নির্বাচনী এলাকার উন্নয়নের দায়িত্ব প্রধানমন্ত্রীর ওপর ছেড়ে দিয়েছেন। বিরোধী দলীয় নেতা হিসেবে জাতীয় দায়িত্ব পালনের কারণে তিনি এ সিদ্ধান্ত নিয়েছেন বলে প্রতিমন্ত্রী উল্লেখ করেন।
মীর শাহে আলম জানান, এরপর প্রধানমন্ত্রী তাকে ডেকে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ে বিরোধী দলীয় নেতার নির্বাচনী এলাকায় গিয়ে মানুষের সমস্যা ও চাহিদা জানার নির্দেশ দেন। সেই নির্দেশনা অনুযায়ী তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিয়ে এলাকা পরিদর্শনে এসেছেন।
তিনি বলেন, এলাকায় ঘুরে মানুষের সমস্যা চিহ্নিত করা হবে। পরে বিরোধী দলীয় নেতার সঙ্গে আলোচনা করে অগ্রাধিকারভিত্তিতে উন্নয়ন পরিকল্পনা নির্ধারণ করা হবে। সব কাজ একসঙ্গে করা সম্ভব না হলেও সরকারের মেয়াদকালে ধাপে ধাপে বাস্তবায়নের চেষ্টা করা হবে।
প্রতিমন্ত্রী আশ্বাস দিয়ে বলেন, এলাকার পানি, গ্যাস, সড়ক ও ড্রেনেজ সমস্যার মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো অগ্রাধিকার দিয়ে সমাধানের উদ্যোগ নেওয়া হবে।

