

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


দীর্ঘ ১৩ বছর পর এ কে এম ওয়াহিদুজ্জামান জাতীয় বিশ্ববিদ্যালয়ে পুনর্নিয়োগ পেয়েছেন। বিএনপির তথ্য ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক এবং জিওগ্রাফি অ্যান্ড এনভায়রনমেন্টাল স্টাডিজ বিভাগের এই শিক্ষককে পুনর্নিয়োগের পাশাপাশি অধ্যাপক পদেও পদোন্নতি দেওয়া হয়েছে। বিষয়টি তিনি নিজেই সামাজিক যোগাযোগমাধ্যমে নিশ্চিত করেছেন।
এর আগে ২০১৩ সালে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের নিয়ে ফেসবুকে আপত্তিকর মন্তব্যের অভিযোগে দায়ের হওয়া মামলায় গ্রেপ্তার হলে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাকে সাময়িক বরখাস্ত করেছিল। প্রায় ১৩ বছর পর তিনি আবারও বিশ্ববিদ্যালয়ে ফিরলেন।
সে সময় বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছিল, ফৌজদারি মামলায় পুলিশ কর্তৃক গ্রেপ্তার ও কারাগারে প্রেরণের কারণে জাতীয় বিশ্ববিদ্যালয়ের কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) সংবিধি-৮ এর ১০(৪) ধারা অনুযায়ী তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
পরবর্তীতে ২০২০ সালের ৩ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয় প্রশাসন তাকে চাকরি থেকে চূড়ান্তভাবে অব্যাহতি দেয়।
বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন এ কে এম ওয়াহিদুজ্জামান। গত ১৪ জুন তিনি জাতীয় বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক পদে যোগদান করেছেন বলে নিজের ফেসবুক পোস্টে উল্লেখ করেন।
এ বিষয়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য লুৎফর রহমান গণমাধ্যমকে বলেন, এ কে এম ওয়াহিদুজ্জামান বিগত সরকারের আমলে বৈষম্যের শিকার হয়েছেন। সে কারণে তার প্রাপ্য মর্যাদা ও সম্মান ফিরিয়ে দিতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাকে অধ্যাপক পদে পুনর্নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।
