বৃহস্পতিবার
০৪ জুন ২০২৬, ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
০৪ জুন ২০২৬, ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা নিয়ে সুখবর

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৪ জুন ২০২৬, ০৭:০৬ পিএম
প্রতীকী ছবি
expand
প্রতীকী ছবি

দীর্ঘদিন ধরে আটকে থাকা বেসরকারি শিক্ষকদের কল্যাণ ট্রাস্ট ও অবসর ভাতার টাকা পুনরায় চালু করা হবে বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

বৃহস্পতিবার (৪ জুন) দুপুরে সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।

শিক্ষামন্ত্রী বলেন, ১৯৯১ সালে তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া অবসরপ্রাপ্ত শিক্ষকদের জন্য কল্যাণ ট্রাস্ট ও অবসর ভাতার ব্যবস্থা করেছিলেন। কিন্তু ২০২২ সালের পর থেকে শিক্ষকদের এই অনুদানগুলো দেয়া হচ্ছিল না। সেখান থেকে কয়েক হাজার কোটি টাকা আত্মসাৎ করে বেসরকারি ব্যাংকে রেখে নষ্ট করা হয়েছে।

শিক্ষকদের বকেয়া ভাতা চালুর বিষয়ে মন্ত্রী বলেন, ‘২ হাজার কোটি টাকার একটি থোক বরাদ্দ পাওয়া গেছে। আমাদের কাছে যে অর্থ সংকুলান রয়েছে এবং নতুন যে থোক বরাদ্দ পেয়েছি, তা দিয়ে বঞ্চিত শিক্ষকদের টাকা দেয়া শুরু করব।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন অতি দ্রুত শিক্ষকদের টাকার ব্যবস্থা করতে। কারণ শিক্ষকরা অবহেলিত থাকবেন, এটা হতে পারে না। কাজ শুরু হয়েছে, মাস খানেক সময় লাগবে। এরপর একটি আনুষ্ঠানিকতার মধ্যদিয়ে ২০২২ সাল থেকে যারা ভাতা পাননি, তাদের আংশিক দিয়ে হলেও দেয়া শুরু হবে।’

জাতীয় বাজেট প্রসঙ্গে শিক্ষামন্ত্রী বলেন, চলতি বছর শিক্ষা খাতে মোট বাজেট জিডিপির ২ শতাংশ হলেও আগামী ২০২৬-২৭ অর্থবছরে শিক্ষা খাতের বাজেট হবে দেশের ইতিহাসের সর্বোচ্চ, যা টাকার অঙ্কে ১ লাখ ২৩ হাজার কোটি টাকা। পর্যায়ক্রমে শিক্ষা খাতের এই বরাদ্দকে মোট জিডিপির ৫ শতাংশে উন্নীত করার সুদূরপ্রসারী লক্ষ্য রয়েছে সরকারের।

তিনি আরও জানান, আজকের এই গুরুত্বপূর্ণ বৈঠকে প্রধানমন্ত্রী শিক্ষকদের আধুনিক প্রশিক্ষণ, কারিগরি শিক্ষার সামগ্রিক উন্নয়ন ও নতুন শিক্ষাবর্ষের বই ছাপানোসহ শিক্ষা সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে অত্যন্ত গুরুত্বের সঙ্গে খোঁজখবর নিয়েছেন এবং এসব বিষয়ে আগামী দু-এক দিনের মধ্যে একটি আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন করে মন্ত্রণালয়ের পক্ষ থেকে বিস্তারিত তথ্য দেশবাসীকে জানানো হবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন