

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


নোয়াখালীর বেগমগঞ্জে প্রাইম মিনিস্টার গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের একটি ম্যাচকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে শিক্ষক, কর্মচারী ও শিক্ষার্থীসহ অন্তত ১৫ জন আহত হয়েছেন।
বৃহস্পতিবার (৬ আগস্ট) দুপুরে উপজেলার লক্ষ্মীনারায়ণপুর উচ্চবিদ্যালয় মাঠে এ ঘটনা ঘটে।
আহতদের মধ্যে দুর্গাপুর এম. এ. মতিন দাখিল মাদরাসার সিনিয়র শিক্ষক মো. দেলোয়ার হোসেন, সহকারী শিক্ষক মো. ইব্রাহীম, সহকারী শিক্ষক মো. আলতাফ হোসেন, চতুর্থ শ্রেণির কর্মচারী রতন চন্দ্র দে এবং শিক্ষার্থী উদয়সহ মোট ১৫ জন রয়েছেন। আহতদের মধ্যে চারজনকে বেগমগঞ্জ লাইফ কেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার দুপুরে লক্ষ্মীনারায়ণপুর উচ্চ বিদ্যালয় মাঠে চৌমুহনী মোদন মোহন উচ্চ বিদ্যালয় ও দুর্গাপুর এম. এ. মতিন দাখিল মাদরাসার মধ্যে টুর্নামেন্টের একটি ম্যাচ অনুষ্ঠিত হয়।
খেলা পরিচালনা ও রেফারিং নিয়ে দুই পক্ষের মধ্যে বিরোধের সৃষ্টি হয়। দুর্গাপুর এম. এ. মতিন দাখিল মাদরাসার পক্ষের অভিযোগ, নির্ধারিত ক্রীড়া শিক্ষকের পরিবর্তে গণিতের শিক্ষককে দিয়ে খেলা পরিচালনা করা হয়। এ নিয়ে প্রতিবাদ করলে লক্ষ্মীনারায়ণপুর উচ্চ বিদ্যালয়ের বর্তমান ও সাবেক কয়েকজন শিক্ষার্থী লাঠিসোঁটা নিয়ে হামলা চালান। এতে দুই পক্ষের ১৫ জন আহত হন বলে তারা দাবি করেন।
তবে অভিযোগ অস্বীকার করে লক্ষ্মীনারায়ণপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিউদ্দিন বলেন, শান্তিপূর্ণভাবে খেলা শেষ করার চেষ্টা করা হয়েছিল। এর মধ্যেই অনাকাঙ্ক্ষিত একটি ঘটনা ঘটে। বিষয়টি আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী তদন্ত করছে।
বেগমগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মো. হাবীবুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি।
বেগমগঞ্জ উপজেলা ইউএনও কায়েসুর রহমান বলেন, ঘটনার পর ভিডিও ফুটেজ পর্যালোচনা করা হয়েছে। প্রশাসনের তদন্তে গুরুতর কোনো সংঘর্ষ বা আহত হওয়ার তথ্য পাওয়া যায়নি। খেলার মাঠে ছোটখাটো ঘটনা ঘটেছে। তারপরও বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।