বুধবার
২০ মে ২০২৬, ৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
বুধবার
২০ মে ২০২৬, ৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল কোথায়?

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২০ মে ২০২৬, ০৮:২৫ এএম আপডেট : ২০ মে ২০২৬, ০৮:২৬ এএম
ফাইল ছবি
expand
ফাইল ছবি

বাংলাদেশের বিভিন্ন এলাকায় মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। মঙ্গলবার (১৯ মে) দুপুরে হওয়া এই কম্পনে দেশের উত্তর-পূর্বাঞ্চলের কয়েকটি জেলা এবং ভারতের সীমান্তবর্তী ত্রিপুরা রাজ্যের কিছু এলাকা কেঁপে ওঠে। তবে এখন পর্যন্ত কোথাও কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্র জানিয়েছে, রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৩ দশমিক ৩। এটি মৃদু ধরনের ভূমিকম্প হিসেবে বিবেচিত।

আবহাওয়া অফিসের বিশেষ বুলেটিন অনুযায়ী, মঙ্গলবার বাংলাদেশ সময় দুপুর ১টা ১ মিনিট ৭ সেকেন্ডে ভূমিকম্পটি আঘাত হানে। এর উৎপত্তিস্থল ছিল হবিগঞ্জ জেলার গজনাইপুর এলাকায়। রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্র থেকে উৎপত্তিস্থলের দূরত্ব প্রায় ১৪৬ কিলোমিটার উত্তর-পূর্ব দিকে।

স্থানীয় সূত্র ও আবহাওয়া কেন্দ্রের তথ্য অনুযায়ী, ৩.৩ মাত্রার এই মৃদু কম্পনটি উৎপত্তিস্থল হবিগঞ্জের বানিয়াচং ছাড়াও মৌলভীবাজারের শ্রীমঙ্গল, সুনামগঞ্জ, কিশোরগঞ্জের বাজিতপুর, ব্রাহ্মণবাড়িয়ার শাহবাজপুরে মৃদুভাবে টের পাওয়া গেছে। এ ছাড়া সীমান্ত পেরিয়ে ভারতের ত্রিপুরা রাজ্যের ধর্মনগর, ধলাই ও উনকোটি জেলাতেও এই কম্পন অনুভূত হওয়ার খবর পাওয়া গেছে।

সহকারী আবহাওয়াবিদ ফারজানা সুলতানার সই করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, রিখটার স্কেলে ৩.৩ মাত্রার এই কম্পনটি ‘মৃদু’ শ্রেণির আওতাভুক্ত। স্বল্প মাত্রার এই ভূমিকম্পের কারণে বাংলাদেশ বা ভারতের কোথাও এখন পর্যন্ত কোনো ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন