বুধবার
১৩ মে ২০২৬, ৩০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
বুধবার
১৩ মে ২০২৬, ৩০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

বিপ্রবিতে বাহা’র বিবৃতিকে প্রত্যাখ্যান করে মশাল মিছিল ও মোমবাতি প্রজ্জ্বলন

এনপিবিনিউজ ডেস্ক
প্রকাশ : ২১ আগস্ট ২০২৫, ১১:২৫ পিএম আপডেট : ২৩ আগস্ট ২০২৫, ০৭:৪৫ পিএম
বৃহস্পতিবার (২১ আগস্ট) সন্ধ্যা ৭টায় শুরু হয় বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি
expand
বৃহস্পতিবার (২১ আগস্ট) সন্ধ্যা ৭টায় শুরু হয় বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) ক্লাস ও পরীক্ষাসহ সব একাডেমিক কার্যক্রম বর্জন করে টানা তিন সপ্তাহ ধরে আন্দোলন ও বিক্ষোভ কর্মসূচি পালন করছেন অ্যানিমেল হাজবেন্ড্রি ডিসিপ্লিনের শিক্ষার্থীরা। সম্প্রতি বাংলাদেশ অ্যানিমেল হাজবেন্ড্রি অ্যাসোসিয়েশন (বাহা)–এর দেওয়া এক বিবৃতি প্রত্যাখ্যান করে মশাল মিছিল ও মোমবাতি প্রজ্জ্বলন কর্মসূচি পালন করেছে আন্দোলনরত শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (২১ আগস্ট) সন্ধ্যা ৭টায় শুরু হয় বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি। বিক্ষোভে প্রায় দুই শতাধিক শিক্ষার্থী সক্রিয়ভাবে অংশ নেন।

আন্দোলনের বিরুদ্ধে ওই দিনই বাংলাদেশ অ্যানিমেল হাজবেন্ড্রি অ্যাসোসিয়েশন (বাহা) এক বিবৃতিতে জানায়, কম্বাইন্ড ডিগ্রির দাবিতে কিছু শিক্ষার্থী আন্দোলন করছে এবং আন্দোলনের সঙ্গে বাহা একমত—এই মর্মে বিভ্রান্তিকর ও মিথ্যা প্রচার চালানো হচ্ছে। এরই মধ্যে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) অনুষ্ঠিত গণভোটে দেখা গেছে, কম্বাইন্ড ডিগ্রির পক্ষে ৯২ শতাংশ শিক্ষার্থী ভোট দিয়েছেন। একইসঙ্গে পবিপ্রবির শিক্ষার্থীরাও একযোগে এই আন্দোলনে সক্রিয়ভাবে অংশ নিচ্ছেন। এই বিবৃতির প্রতিবাদে শিক্ষার্থীরা মশাল মিছিল ও মোমবাতি প্রজ্জ্বলন কর্মসূচি পালন করেন।

এ সময় লেভেল ১ সেমিস্টার ১-এর শিক্ষার্থী নুর ইসলাম পিয়াস বলেন, “ভিসি স্যার আমাদের সঙ্গে একাত্মতা প্রকাশ করলেও এখন পর্যন্ত বিশ্ববিদ্যালয় থেকে কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। আমাদের দাবি যত দিন বাস্তবায়িত না হবে, আমরা এই আন্দোলন চালিয়ে যাব।”

লেভেল ৪ সেমিস্টার ১-এর শিক্ষার্থী শুদ্ধতা স্নেহা বলেন, “২১তম দিনে আমরা মশাল মিছিল করেছি। আমাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত আমরা বিক্ষোভ চালিয়ে যাব। পাশাপাশি আমরা বাহা’র বিবৃতিকে সম্পূর্ণভাবে প্রত্যাখ্যান করছি।”

উল্লেখ্য, গত সোমবার (৪ আগস্ট) অ্যানিমেল হাজবেন্ড্রি ডিসিপ্লিনের শিক্ষার্থীরা বাহা’কে বর্জন করার ঘোষণা দেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন