

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


শনিবার সকালে রাজধানীর জিয়া উদ্যানে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৫তম শাহাদতবার্ষিকী উপলক্ষে কর্মসূচি পালন করছে দলটি। জিয়া উদ্যানে বাবার কবরে শ্রদ্ধা নিবেদন করেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।
শ্রদ্ধা নিবেদন শেষে সেখান থেকে বের হওয়ার সময় প্রধানমন্ত্রীর প্রটোকল টিমের সদস্যদের সঙ্গে ছাত্রদলের এক নেতার বাগ্বিতণ্ডার ঘটনা ঘটে। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, প্রধানমন্ত্রীর নিরাপত্তা টিমের সদস্যদের লক্ষ্য করে ছাত্রদলের ঢাকা মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক আব্দুর রহিম ভুইয়াসহ কয়েকজন নেতাকর্মী উত্তেজিত আচরণ করছেন। তাদের মধ্যে কয়েকজনকে গালিগালাজ করতেও শোনা যায়। একপর্যায়ে নিরাপত্তা টিমের গাড়ির দিকে তেড়ে যেতে দেখা যায় কয়েকজনকে।
এ ঘটনায় খোদ বিএনপি ও ছাত্রদলের নেতাকর্মীদের ক্ষোভ প্রকাশ করতে দেখা গেছে। কেউ কেউ প্রধানমন্ত্রীর নিরাপত্তার বিষয়ে কোনো ছাড় না দেওয়ার কথাও বলছেন।
যদিও ছাত্রদল নেতা আব্দুর রহিম ভুইয়া এমন অভিযোগ অস্বীকার করেছেন। তার দাবি, শ্রদ্ধা নিবেদন শেষে প্রধানমন্ত্রী জিয়া উদ্যান থেকে বের হওয়ার পথে নিরাপত্তা টিমের কেউ একজন তাকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছেন। পরে উঠে তিনি দেখার চেষ্টা করেছেন বাইরের কেউ এমনটা করল কি না। তবে তিনি কাউকে গালি দেননি।
এই ঘটনায় ছড়িয়ে পড়া ভিডিও শেয়ার করে কুষ্টিয়া সরকারি কলেজ ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মারুফ হাসান অভি লিখেছেন, আমার এই লেখা অনেক বিএনপির নেতাকর্মীর খারাপ লাগতে পারে, তবুও বলতে হচ্ছে। তোমার-আমার মতো লাখো-কোটি নেতা বিএনপিতে না থাকলেও বিএনপির কিছু হবে না। কিন্তু তারেক রহমানের কিছু হয়ে গেলে এই দল সেখানেই ফুলস্টপ খেয়ে যাবে।
তিনি লিখেছেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবর জিয়ারত শেষে ফেরার পথে বিএনপির কিছু লোক দৌড়ঝাঁপ করলে এসএসএফ তাদের বাধা দেয়। এতে তারা এসএসএফের ওপর রাগান্বিত হয় এবং গালাগাল করে। বলি ভাই, এখানে প্রধানমন্ত্রীর নিরাপত্তার বিষয়। এখানে তার সিকিউরিটি ফোর্স নেতা-খেতা চিনবে না। তাদের দায়িত্ব প্রধানমন্ত্রীর নিরাপত্তা নিশ্চিত করা, তারা সেটাই করবে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, জিয়া উদ্যানের পাশের মূল সড়কে প্রধানমন্ত্রীর নিরাপত্তা টিমের গাড়ি চলে যাচ্ছে। পিজিআরের একটি গাড়ি পার হওয়ার পর টি-শার্ট ও ক্যাপ পরিহিত নিরাপত্তা টিমের সদস্যদের আরেকটি গাড়ি সামনের দিকে ছুটছে। কয়েকজন সদস্য তখনও গাড়িতে ওঠেননি। পাশ দিয়ে পাঞ্জাবি পরিহিত ছাত্রদল নেতা আব্দুর রহিমসহ বেশ কয়েকজন সামনের গাড়ির দিকে তেড়ে যাচ্ছেন। এ সময় তাদের মধ্য থেকে নিরাপত্তা টিমকে গালি দিতেও শোনা যায়।
প্রধানমন্ত্রীর নিরাপত্তা টিমের সদস্যদের সঙ্গে কী ঘটেছিল জানতে চাইলে ছাত্রদল নেতা আব্দুর রহিম ভুইয়া গণমাধ্যমকে বলেন, প্রধানমন্ত্রী শ্রদ্ধা নিবেদন শেষে বের হওয়ার পথে আমরা যখন সবাই একত্র হয়ে তাকে বিদায় দিচ্ছিলাম, তখন হঠাৎ নিরাপত্তা টিমের হয়তো কেউ একজন আমাকে গালি দিয়ে ধাক্কা মেরে ফেলে দেয়। পরে অন্যরা আমাকে তুলে দেয়। আমি কোমরে অনেক ব্যথা পেয়েছি। পরে দেখছিলাম, কে আমাকে গালি দিয়ে ফেলে দিল। কিন্তু কাউকে গালি দিইনি। এটা আমি চ্যালেঞ্জ করে বলতে পারি। আমরা ছাত্রদল করি। ২০ বছর দলের জন্য মার খেয়েছি, গালি খেয়েছি। কিন্তু তাদের একটি ভুলে যদি আমার জীবনটাই শেষ হয়ে যায়, সেটা কি মেনে নেওয়া যায়?
সবসময় নিরাপত্তা টিমকে সহযোগিতা করেন জানিয়ে তিনি বলেন, আমরা সবসময় এসএসএফ, সিএসএফ ও পুলিশ সদস্যদের সহযোগিতা করি। দল থেকেও সেভাবেই বলা আছে। তাদের আমরা সম্মান করি, শ্রদ্ধা করি। প্রধানমন্ত্রী আমাদের আবেগের জায়গা। তাকে যারা নিরাপত্তা দেন, তাদের সঙ্গে কীভাবে বাজে ব্যবহার করি? যারা এটা বলছে, তারা ভিত্তিহীনভাবে প্রপাগান্ডা ছড়াচ্ছে। খারাপ ব্যবহারের প্রশ্নই আসে না।
