শনিবার
৩০ মে ২০২৬, ১৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শনিবার
৩০ মে ২০২৬, ১৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

‘রাজস্ব তহবিল থেকে আসিফ ১৫ ও হাসনাত ১০ কোটি টাকা নিয়েছেন’

এনপিবি ডেস্ক
প্রকাশ : ৩০ মে ২০২৬, ০৯:০৭ পিএম
ছবি: সংগৃহীত
expand
ছবি: সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা থাকাকালে কুমিল্লা জেলা পরিষদ থেকে ১৫ কোটি টাকা নিয়েছেন বলে অভিযোগ করেছেন পরিষদের বর্তমান প্রশাসক মো. মোস্তাক মিয়া। একই সঙ্গে এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ আসনের বর্তমান সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ ১০ কোটি টাকা নিয়ে গেছেন বলে দাবি করেছেন তিনি।

শনিবার (৩০ মে) কুমিল্লা জেলা শিল্পকলা একাডেমী প্রাঙ্গণে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে আয়োজিত মিলাদ ও আলোচনা সভায় এই অভিযোগ তোলেন মোস্তাক মিয়া।

তিনি বলেন, “কুমিল্লা জেলা পরিষদের রাজস্বখাত থেকে আসিফ মাহমুদ মুরাদনগরে ১৫ কোটি ও হাসনাত আবদুল্লাহ দেবিদ্বারে ১০ কোটি টাকা নিয়ে গেছে। এটা আমাদের জেলা পরিষদের নিজস্ব রাজস্বের টাকা। এই হলো সমন্বয়েকদের অবস্থা। তারা মুখে মুখে বাংলাদেশের সমন্বয়ের রাজনীতির কথা বললেও তাদের মধ্যেই এটা ছিল না। অন্তর্বর্তী সরকারের আমলে তাদের চরিত্র ছিল এ রকম।”

তিনি আরও বলেন, “প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে ধ্বংসপ্রাপ্ত অর্থনীতিকে পুনরুদ্ধারের দায়িত্ব আমাদের কাঁধে এসে পড়েছে। এ দায়িত্ব আমাদের সঠিকভাবে পালন করতে হবে।”

অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন কৃষি মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী আমিনুর রশিদ ইয়াসিন। আরও বক্তব্য রাখেন সিটি কর্পোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপু, সদর উপজেলা বিএনপির সভাপতি রেজাউল করিম সহ নেতৃবৃন্দ।

আলোচনা সভা শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন