

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকীতে কির্মসূচি চলাকালে প্রধানমন্ত্রীর নিরাপত্তায় নিয়োজিত সদস্যদের সঙ্গে বাকবিতণ্ডায় জড়ানো এবং একপর্যায়ে তাদের গালিগালাজ করার ঘটনায় ঢাকা মহানগর দক্ষিণ শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক আব্দুর রহিম ভূইয়াকে তার পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
শনিবার (৩০ মে) বিকেলে ছাত্রদলের দফতর সম্পাদক (সহসভাপতি পদমর্যাদা) মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এদিন সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এই সিদ্ধান্ত অনুমোদন করেন।
প্রেস বিজ্ঞপ্তি বলা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত মোতাবেক, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে ঢাকা মহানগর দক্ষিণ শাখার সাধারণ সম্পাদক আব্দুর রহিম ভূইয়াকে সাংগঠনিক পদ থেকে অব্যাহতি প্রদান করা হলো। একইসাথে উক্ত কমিটির সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রফিককে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব প্রদান করা হলো। সাংগঠনিক গতিশীলতা ও ধারাবাহিকতা অব্যাহত রাখার স্বার্থে অবিলম্বে এই সিদ্ধান্ত কার্যকর হবে।
উল্লেখ্য, বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৫তম শাহাদতবার্ষিকী উপলক্ষে নানা কর্মসূচি পালন করছে দলটি। এর অংশ হিসেবে শনিবার সকালে রাজধানীর জিয়া উদ্যানে বাবার কবরে শ্রদ্ধা নিবেদন করেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। শ্রদ্ধা নিবেদন শেষে সেখান থেকে বের হওয়ার সময় প্রধানমন্ত্রীর প্রটোকল টিমের সদস্যদের সঙ্গে ছাত্রদলের এক নেতার বাগ্বিতণ্ডার ঘটনা ঘটে। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
ভিডিওতে দেখা যায়, প্রধানমন্ত্রীর নিরাপত্তা টিমের সদস্যদের লক্ষ্য করে ছাত্রদলের ঢাকা মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক আব্দুর রহিম ভুইয়াসহ কয়েকজন নেতাকর্মী উত্তেজিত আচরণ করছেন। তাদের মধ্যে কয়েকজনকে গালিগালাজ করতেও শোনা যায়। একপর্যায়ে নিরাপত্তা টিমের গাড়ির দিকে তেড়ে যেতে দেখা যায় কয়েকজনকে।