

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশের রাষ্ট্র পরিচালনায় আধুনিক চিন্তা, উন্নয়নমুখী দর্শন ও সুশাসনের ভিত্তি স্থাপন করেছিলেন। দেশের অগ্রগতি ও সমৃদ্ধির জন্য তিনি যে দিকনির্দেশনা রেখে গেছেন, তা এখনও প্রাসঙ্গিক ও সময়োপযোগী।
শনিবার (৩০ মে) রাজধানীর শেরেবাংলা নগরে জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা নিবেদন ও জিয়ারত শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
দীর্ঘ সময় রাজনৈতিক প্রতিকূলতা ও দমন-পীড়নের কারণে বিএনপি প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী স্বাভাবিকভাবে পালন করা সম্ভব হয়নি বলে মন্তব্য করেন মির্জা ফখরুল।
তিনি বলেন, দীর্ঘ ১৭ বছর নানা রাজনৈতিক প্রতিবন্ধকতার মধ্যে দিয়ে যেতে হয়েছে বিএনপিকে। ফলে দলের প্রতিষ্ঠাতার শাহাদাতবার্ষিকী যথাযথ পরিবেশে পালন করা সম্ভব হয়নি। তবে এবার অনেক বেশি স্বাধীন ও স্বতঃস্ফূর্ত পরিবেশে প্রিয় নেতাকে স্মরণ করার সুযোগ তৈরি হয়েছে।
বিএনপি মহাসচিবের ভাষ্য, জিয়াউর রহমানের আদর্শ ও রাষ্ট্রচিন্তার ধারাবাহিকতা বর্তমানে অনুসরণ করছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।দেশের উন্নয়ন ও আধুনিক বাংলাদেশ গড়ার স্বপ্ন বাস্তবায়নে সেই পথনির্দেশনাকেই সামনে রেখে কাজ করছে দলটি।
তিনি আরও বলেন, বর্তমানে যে সংস্কার কার্যক্রম পরিচালিত হচ্ছে, সেখানেও জিয়াউর রহমানের উন্নয়ন দর্শন ও রাষ্ট্রচিন্তার প্রতিফলন রয়েছে। ভবিষ্যতেও তার দেখানো পথ অনুসরণ করেই দেশকে এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির অংশ হিসেবে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা তার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন।