

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


ঢাকায় অনুষ্ঠিত হচ্ছে জেলা প্রশাসক সম্মেলন-২০২৬। চার দিনব্যাপী এই সম্মেলন গতকাল রবিবার (৩ মে) শুরু হয়েছে, চলবে বুধবার (৬ মে) পর্যন্ত। এই সম্মেলনে অংশ নিতে দেশের ৬৪ জেলার ৬৪ জন ডিসি ও আট বিভাগীয় কমিশনার এখন ঢাকায়। জেলাগুলো এখন ডিসি-শূন্য। প্রশ্ন হলো, ডিসির অবর্তমানে এখন জেলা প্রশাসকের দায়িত্ব সামাল দিচ্ছেন কারা।
সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা গেছে, জেলা প্রশাসকের (ডিসি) অবর্তমানে বা তার সাময়িক অনুপস্থিতিতে সাধারণত অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি) জেলা প্রশাসকের দায়িত্ব পালন করেন। তবে এ ক্ষেত্রে মন্ত্রিপরিষদ বিভাগের নির্দেশনা রয়েছে। তা হচ্ছে, ডিসির অবর্তমানে অতিরিক্ত জেলা প্রশাসকদের (এডিসি) মধ্যে জ্যেষ্ঠতম একজন জেলা প্রশাসকের রুটিন দায়িত্ব পালন করবেন। যদিও অধিকাংশ ক্ষেত্রেই এডিসি পদমর্যাদায় জেলায় দায়িত্বপ্রাপ্ত স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক ডিসির রুটিন দায়িত্ব পালন করেন।
ডিসি সম্মেলনে অংশ নিতে এখন ঢাকায় অবস্থান করছেন পিরোজপুরের ডিসি আবু সাঈদ। তার অনুপস্থিতি এডিসি পদমর্যাদায় জেলার স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মাহবুবুর রহমান মামুন জেলা প্রশাসকের রুটিন দায়িত্ব পালন করছেন। রাজশাহীর জেলা প্রশাসক কাজী শহীদুল হাসানও ডিসি সম্মেলনে অংশ নিতে এখন ঢাকায়। তার অবর্তমানে জেলার এডিসি (রাজস্ব) মহিনুল হাসান রুটিন দায়িত্ব পালন করছেন। একইভাবে নাটোরের ডিসি আসমা শাহীন ঢাকায় অবস্থান করায় জেলার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. আরিফ হোসেন সম্মেলন চলাকালীন এই চারদিন ডিসির রুটিন দায়িত্ব পালন করছেন।
খোঁজ নিয়ে জানা গেছে, এডিসিরা জেলা প্রশাসকের রুটিন কার্যাবলি পরিচালনা করেন। তবে ডিসির দীর্ঘমেয়াদি অনুপস্থিতিতে সরকার সাধারণত অন্য কোনো ডিসি বা উপযুক্ত কর্মকর্তাকে ভারপ্রাপ্ত ডিসি হিসেবে দায়িত্ব প্রদান করে থাকে। জেলা প্রশাসনের প্রধান প্রশাসনিক কর্মকর্তা হিসেবে ডিসি জেলা ও ভূমি রাজস্বের দায়িত্ব পালন করেন। তবে এডিসি পদ মর্যদায় জেলায় দায়িত্বপ্রাপ্ত স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক ডিসির রুটিন দায়িত্ব পালন করেন।
মন্ত্রিপরিষদ বিভাগের এক কর্মকর্তা বলেন, ‘বাংলাদেশের মন্ত্রিপরিষদ বিভাগ এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী, জেলা প্রশাসকের (ডিসি) সাময়িক অনুপস্থিতি, ছুটি বা অন্য কোনো কারণে দায়িত্ব পালন করতে না পারার ক্ষেত্রে ডিসির অবর্তমানে সাধারণত অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি) দায়িত্ব পালন করেন। এ বিষয়ে মন্ত্রিপরিষদ বিভাগের নির্দেশনা ও প্রশাসনিক নিয়মাবলি হচ্ছে- জেলা প্রশাসক স্টেশনে না থাকলে বা ডিসির পদ শূন্য হলে, জ্যেষ্ঠ অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি, জেনারেল, রাজস্ব বা উন্নয়ন) ভারপ্রাপ্ত জেলা প্রশাসক হিসেবে ডিসির দায়িত্ব ও ক্ষমতা পরিচালনা করেন।’
তবে ডিসি দীর্ঘমেয়াদি ছুটিতে বা বদলি হলে এবং নতুন ডিসি যোগদানের আগ পর্যন্ত মন্ত্রিপরিষদ বিভাগ বা জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে সাধারণত একজন এডিসিকে ভারপ্রাপ্ত ডিসি হিসেবে দায়িত্ব দেওয়ার জন্য আদেশ জারি করা হয় বলেও উল্লেখ করেন তিনি।
মন্ত্রিপরিষদ বিভাগ সূত্র জানিয়েছে, যদি জেলায় কোনো এডিসি উপস্থিত না থাকেন, তবে প্রথা অনুযায়ী ডিসি ওই জেলার একজন জ্যেষ্ঠ সহকারী কমিশনার বা ম্যাজিস্ট্রেটকে দায়িত্ব দিয়ে যাবেন। মাঠ প্রশাসনের প্রশাসনিক কাজের সুবিধার্থে জেলা প্রশাসক তার কাজের ধারা বা ‘চার্টার অব ডিউটিজ’ অনুযায়ী কাজের বণ্টন এডিসিদের মধ্যে করে দেন, যাতে ডিসি স্টেশনে না থাকলেও কাজ ব্যাহত না হয়। জনসাধারণ যাতে সেবা থেকে বঞ্চিত না হন।
মন্তব্য করুন
