বুধবার
০৮ এপ্রিল ২০২৬, ২৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
বুধবার
০৮ এপ্রিল ২০২৬, ২৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

একই বিমানে মরিশাসে যাবেন ভারত ও বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী 

বিবিসি বাংলা
প্রকাশ : ০৬ এপ্রিল ২০২৬, ১০:৫৭ পিএম
ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর এবং বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
expand
ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর এবং বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান

বিএনপি সরকার ক্ষমতা গ্রহণের পর প্রথমবারের মতো ভারত সফরে যাচ্ছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। আগামীকাল (মঙ্গলবার) ২ দিনের রাষ্ট্রীয় সফরে দিল্লি সফরে যাবেন তিনি। ঢাকা এই সফরকে ‘শুভেচ্ছা সফর’ হিসেবে বর্ণনা করলেও কর্মকর্তারা জানিয়েছেন, এতে দ্বিপক্ষীয় গুরুত্বপূর্ণ বিষয়ে ফলপ্রসূ আলোচনা হবে।

সফরকালে তিনি ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শঙ্করের সঙ্গে বৈঠক করবেন। পাশাপাশি জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল এবং পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাসমন্ত্রী হরদীপ সিং পুরির সঙ্গেও তার আলাদা বৈঠকের কথা রয়েছে।

কর্মকর্তারা জানান, নতুন রাজনৈতিক প্রেক্ষাপটে ঢাকা দিল্লির সঙ্গে পূর্বের কিছুটা টানাপোড়েন কাটিয়ে ‘বাংলাদেশ ফার্স্ট’ নীতির ভিত্তিতে সম্পর্ককে পারস্পরিক লাভজনক অবস্থানে নিতে চায়।

পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার দুপুরে দিল্লির উদ্দেশে ঢাকা ছাড়বেন। পরে তিনি মরিশাসে ভারত মহাসাগর সম্মেলনে অংশ নিতে যাবেন।

বিবিসি জানিয়েছে, বাংলাদেশের নতুন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শংকরের সঙ্গে একই বিমানে চেপে মরিশাসে যাচ্ছেন।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকাল আটটা থেকে এয়ার মরিশাসের ওই বাণিজ্যিক বিমানে একটানা সাত-আট ঘণ্টার ওই দীর্ঘ সফরেও দুই পররাষ্ট্রমন্ত্রীর মধ্যে একান্তে কথাবার্তা বলার বিস্তর সুযোগ থাকবে যথারীতি।

বিবিসি জানতে পেরেছে, ৭ এপ্রিল দিল্লিতে পা রাখার পর ৯ এপ্রিল সকালেই দিল্লি থেকে খলিলুর রহমান সরাসরি মরিশাসের উদ্দেশে রওনা হবেন, যেখানে তিনি নবম ইন্ডিয়ান ওশান কনফারেন্সে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন। একই বিমানে যাবেন জয়শংকরও। দুই দেশের কর্মকর্তারাই বিষয়টি বিবিসির কাছে নিশ্চিত করেছেন।

ওই সম্মেলন যৌথভাবে আয়োজন করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় আর দিল্লির শীর্ষস্থানীয় থিংকট্যাঙ্ক ‘ইন্ডিয়া ফাউন্ডেশন’ – আর ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শংকর নিজেও সেখানে যোগ দিচ্ছেন।

এই ইন্ডিয়া ফাউন্ডেশনের প্রেসিডেন্টের পদে আবার আছেন আরএসএস তথা বিজেপি নেতা রাম মাধব। সুতরাং, দিল্লির পরে মরিশাসেও আবার দুদেশের পররাষ্ট্রমন্ত্রীর ও কর্মকর্তাদের মধ্যে কথাবার্তা বলার সুযোগ থাকবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন