রবিবার
০৫ এপ্রিল ২০২৬, ২২ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
রবিবার
০৫ এপ্রিল ২০২৬, ২২ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

দীর্ঘদিনের স্বপ্ন ছিল ঢাকার মেয়র হওয়ার: আবদুস সালাম 

মো. ইলিয়াস
প্রকাশ : ০৪ এপ্রিল ২০২৬, ০৯:৩০ পিএম আপডেট : ০৪ এপ্রিল ২০২৬, ১০:১৭ পিএম
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) প্রশাসক মো. আবদুস সালাম
expand
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) প্রশাসক মো. আবদুস সালাম

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) প্রশাসক মো. আবদুস সালাম। দায়িত্ব নেওয়ার পর সবচেয়ে বড় চ্যালেঞ্জ, ডেঙ্গু প্রতিরোধ, মশার ওষুধ, জলাবদ্ধতা নিরসনে পরিকল্পনা, মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করার কারনসহ সমসাময়িক বিভিন্ন বিষয়ে তিনি কথা বলেছেন এনপিবি নিউজের সঙ্গে। সাক্ষাৎকার নিয়েছেন এনপিবি নিউজের প্রতিবেদক মো. ইলিয়াস।

এনপিবি নিউজ : আপনি প্রশাসক হিসেবে দায়িত্ব নেওয়ার পর সবচেয়ে বড় চ্যালেঞ্জ কী মনে হয়েছে?

আব্দুস সালাম : সিটি কর্পোরেশনে আমি নতুন নই, কাজে চ্যালেঞ্জ গ্রহণ করতে আমি ভালোবাসি। সিটি কর্পোরেশন গত কয়েক বছরে একটি জড় পদার্থের মত হয়ে গেছে। এটার কোন কার্যক্রম আছে কিনা তার কোন টের পাওয়া যাচ্ছে না। সেই অবস্থা থেকে সচল করা অবশ্যই একটি চ্যালেঞ্জ। আমি দায়িত্ব নেওয়ার পর থেকে চেষ্টা করে যাচ্ছি। প্রতিটা মুহূর্তে কাজ করে নাগরিক সুযোগ-সুবিধা কিভাবে নিশ্চিত করা যায় সেই চেষ্টা করছি।

এনপিবি নিউজ : সিটির সেবা কার্যক্রম কতটা কার্যকরভাবে পরিচালিত হচ্ছে বলে মনে করেন?

আব্দুস সালাম : সেবার কার্যক্রম কার্যকর রাখার জন্য সিটি কর্পোরেশনের একেবারে ঊর্ধ্বতন কর্মকর্তা পর্যন্ত ১২টি টিম করে দেয়া হয়েছে। এই টিমগুলো কোথায় কি কাজ হল সেগুলো দেখভাল করা। এছাড়া কোথাও কাজ না হলে সেটা কীভাবে কার্যকর করা যায় সেটা দেখা। এক মাস আমাদের ক্রাশ প্রোগ্রাম গিয়েছে আবর্জনা এবং মশার ব্যাপারে।

এনপিবি নিউজ : ডেঙ্গু প্রতিরোধে আপনার পরিকল্পনা কি?

আব্দুস সালাম : ক্রাশ প্রোগ্রাম দিয়ে নিয়ন্ত্রণের চেষ্টা করছি। দু-একটি জায়গায় মশার কথা শুনলেও বাকি জায়গায় অনেকটা কন্ট্রোলের মধ্যে চলে আসছে। এই শহর বসবাসযোগ্য করতে হলে ফুটপাত রাস্তাগুলো পরিষ্কার করতে হয়। এটা জনগণের সচেতনতা ছাড়া কোনোভাবে সম্ভব নয়। এজন্য সব সময় বলি জনগণের দায়িত্ব ৫০ শতাংশ এবং সিটি কর্পোরেশনের দায়িত্ব ৫০ শতাংশ। জনগণ যদি এ শহর পরিষ্কার রাখতে চায় তাহলে সিটি কর্পোরেশনের পক্ষে বাকি কাজগুলো করা সম্ভব।

এনপিবি নিউজ : মশার ওষুধ এবং মশা নিয়ন্ত্রণ নিয়ে যে অভিযোগ রয়েছে এখান থেকে বের হওয়ার জন্য আপনার কি পরিকল্পনা রয়েছে?

আব্দুস সালাম : মশার যে ওষুধ রয়েছে তা পরীক্ষা করানো হয়েছে। পরীক্ষা করানোর পরে তারা বলেছে কোন সমস্যা নেই। মশার যে প্রধান ক্ষেত্র সেটাকে যদি বন্ধ করতে না পারেন তাহলে জন্ম হওয়ার পরে উড়ে গেল এটা তো কয়েক মাইল পর্যন্ত যেতে পারে। ঢাকা শহরের সমস্যা একা সমাধান করা সম্ভব নয়। নারায়ণগঞ্জ এটার সাথে সম্পৃক্ত। নারায়ণগঞ্জে যদি মশার ক্ষেত্র থাকে সেটাকে যদি ধ্বংস করা না হয় তাহলে ওই মশা তো এখানে আসবেই। এজন্য নারায়ণগঞ্জের সাথে আমরা কথা বলেছি জয়েন্টলি কিভাবে আমরা কাজ করতে পারি সেই বিষয়।

এনপিবি নিউজ : জলাবদ্ধতা নিরসনে আপনার পরিকল্পনা কি?

আব্দুস সালাম : বক্স কালভার্ট গুলো দীর্ঘদিন যাবৎ পরিষ্কার হচ্ছিল না। কাজেই বৃষ্টি হলে জলাবদ্ধতার সৃষ্টি হয়। কারণ পানি নিষ্কাশনের বক্স কালবাটগুলো বন্ধ হয়ে গেছে। এখানে সারা শহরে বৃষ্টির পানি সরে যাওয়ার জন্য যে ওয়ে আউট দরকার তা মাত্র ৩টা। রাজধানীর জন্য এটা খুবই কম। প্রধানমন্ত্রীর সাথে এ বিষয়ে আলোচনা হয়েছে, আমরা দূরেই আরো দুটি ওয়ে আউট করার চেষ্টা করছি। এ সমস্ত বিষয়ে যত দ্রুত সমাধান করা যায় চেষ্টা করছি। পানি প্রবাহ বাড়ানোর জন্য কিছু খাল খনন করার চেষ্টা করছি।

এনপিবি নিউজ : যানজট নিরসনে প্রধানমন্ত্রীর ভূমিকা কতটা কার্যকর হবে বলে মনে করেন?

আব্দুস সালাম : নখে ভোটের কালির দাগ ওঠার আগে ইতোমধ্যে প্রধানমন্ত্রী অনেকগুলো কাজ বাস্তবায়ন করেছেন। তিনি যা কমিটমেন্ট করেছেন সেগুলো সবই বাস্তবায়ন করবেন এবং বাস্তবায়ন করার জন্য আমাদেরও তাগাদা দিচ্ছেন। বাস্তবায়নের জন্য ইতোমধ্যে কাজ শুরু হয়ে গেছে। একই রাস্তা দিয়ে সব ধরনের গাড়ি চলবে। সেটা রিক্সাওয়ালা ভাইদেরকে খেয়াল রাখতে হবে। পুলিশ বা সেনাবাহিনী দিয়ে যানজট নিরসন করা সম্ভব নয়, আপনি নিজে যদি সচেতন না হোন।

এনপিবি নিউজ : মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্ত কেন নিলেন?

আব্দুস সালাম : দলের সিদ্ধান্ত এবং আমারও সিদ্ধান্ত, দীর্ঘদিনের স্বপ্ন ছিল ঢাকার মেয়র হওয়ার। এক সময় ঢাকার ডেপুটি মেয়র ছিলাম, সে সময় থেকেই চিন্তা ছিল। আল্লাহর যদি ইচ্ছে হয় জনগণের ভোট যদি পাই তাহলে হবো ইনশাল্লাহ।

এনপিবি নিউজ : অন্য প্রার্থীদের তুলনায় নিজেকে কেন যোগ্য মনে করেন, ভোটাররা আপনাকে কেন ভোট দেবে?

আব্দুস সালাম : ভোট দেবে এই কারণে যে নগরের সুযোগ সুবিধার সাথে আমি অতীতেও জড়িত ছিলাম আমার অভিজ্ঞতা রয়েছে নগর পরিচালনার। এ কারণে আমি বিশ্বাস করি এবং মনে করি অন্যদের তুলনায় খারাপ নয়, ভালোই পরিচালনা করব।

এনপিবি নিউজ : বিএনপি যদি অন্য কাউকে মনোনয়ন দেয় তখন কি করবেন?

আব্দুস সালাম : বিএনপি সিদ্ধান্ত নিয়েই আমাকে এখানে (ঢাকা দক্ষিণ সিটির প্রশাসক) দিয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন