

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে সাভারের জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করতে যাওয়া-আসার পথে প্রধানমন্ত্রীর গাড়িতে জাতীয় পতাকা উত্তোলিত অবস্থায় দেখা যায়। একইভাবে দিবসটির প্যারেড অনুষ্ঠানেও তিনি পতাকাবাহী গাড়িতে অংশ নেন।
বৃহস্পতিবার (২৬ মার্চ ২০২৬) ভোরে জাতীয় স্মৃতিসৌধে উপস্থিত হয়ে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী বীর শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানান। পুষ্পস্তবক অর্পণের পর তারা কিছুক্ষণ নীরবতা পালন করেন। এ সময় সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর একটি সুসজ্জিত দল রাষ্ট্রীয় সালাম প্রদান করে এবং বিউগলের বিষণ্ণ সুর বেজে ওঠে।
অনুষ্ঠানে প্রধান বিচারপতি, মন্ত্রিসভার সদস্য, তিন বাহিনীর প্রধান, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা, শহীদ পরিবারের সদস্য, কূটনীতিকসহ বিভিন্ন পর্যায়ের সামরিক ও বেসামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পরে দলীয় প্রধান হিসেবে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান দলীয় নেতাদের সঙ্গে নিয়ে স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন এবং শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান। একইসঙ্গে প্রধানমন্ত্রীর নেতৃত্বে মন্ত্রিপরিষদের পক্ষ থেকেও শ্রদ্ধা নিবেদন করা হয়। এরপর শহীদদের আত্মার মাগফিরাত এবং দেশের কল্যাণ কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়।
এরপর প্রধানমন্ত্রী সেখানে উপস্থিত মুক্তিযোদ্ধা, শহীদ পরিবারের সদস্য ও আমন্ত্রিত অতিথিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং স্মৃতিসৌধের দর্শনার্থী বইয়ে স্বাক্ষর করেন।
প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান ভোরে গুলশানের বাসা থেকে প্রধানমন্ত্রীর জন্য যে নির্ধারিত গাড়ি রয়েছেন সেই গাড়িতে চড়ে সাভারে জাতীয় স্মৃতি সৌধে এসেছেন। এই গাড়িতে জাতীয় পতাকা ও প্রধানমন্ত্রীর পতাকা ছিলো। রাষ্ট্রীয় গাড়ি এই প্রথম প্রধানমন্ত্রী ব্যবহার করলেন।
উল্লেখ্য, দায়িত্ব গ্রহণের পর থেকেই তিনি ব্যক্তিগত গাড়িতে চলাচল করে আসছেন এবং সরকারি গাড়ি ব্যবহার না করার সিদ্ধান্ত নিয়েছেন। নিজের গাড়ি, নিজস্ব চালক ও নিজ খরচে জ্বালানি ব্যবহার করে তিনি নিয়মিত চলাচল করেন।
তবে রাষ্ট্রীয় কর্মসূচি বা বিদেশি অতিথিদের আগমনের ক্ষেত্রে গাড়িতে জাতীয় পতাকা ব্যবহারের নিয়ম রয়েছে। সে অনুযায়ী স্বাধীনতা দিবসের আয়োজনে তার গাড়িতে পতাকা দেখা গেছে।
মন্তব্য করুন