বুধবার
২৫ মার্চ ২০২৬, ১১ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
বুধবার
২৫ মার্চ ২০২৬, ১১ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

বিশ্ববাজারে আরেক দফা বাড়ল স্বর্ণের দাম 

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২৫ মার্চ ২০২৬, ০৮:১৭ পিএম
expand
বিশ্ববাজারে আরেক দফা বাড়ল স্বর্ণের দাম 

বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কমে আসায় মুদ্রাস্ফীতি নিয়ে বিনিয়োগকারীদের উদ্বেগ কিছুটা কমেছে। এর সঙ্গে সুদের হার আরও বাড়তে পারে এমন আশঙ্কাও কমে যাওয়ায় আন্তর্জাতিক স্বর্ণবাজারে নতুন করে গতি ফিরেছে। বুধবার (২৫ মার্চ) আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দামে উল্লেখযোগ্য ঊর্ধ্বগতি দেখা গেছে।

বাংলাদেশ সময় সন্ধ্যা সাতটার দিকে স্পট মার্কেটে প্রতি আউন্স স্বর্ণের দাম প্রায় ১ দশমিক ৬ শতাংশ বেড়ে ৪ হাজার ৫৪৬ ডলার ছাড়িয়েছে। খবর রয়টার্সের।

সপ্তাহের শুরুতে দাম কয়েক মাসের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে গেলেও অল্প সময়ের ব্যবধানে তা আবার ঘুরে দাঁড়িয়েছে। একই সময়ে এপ্রিল মাসে সরবরাহযোগ্য মার্কিন স্বর্ণ ফিউচারসের দামও ৩ শতাংশের বেশি বেড়ে প্রায় ৪ হাজার ৫৪৫ ডলারে পৌঁছেছে।

বাজার সংশ্লিষ্ট বিশ্লেষকেরা বলছেন, আন্তর্জাতিক পরিস্থিতির কিছু ইতিবাচক ইঙ্গিতও স্বর্ণের দামে প্রভাব ফেলছে। বিশেষ করে মধ্যপ্রাচ্যের উত্তেজনা কিছুটা কমতে পারে এমন প্রত্যাশা বিনিয়োগকারীদের মধ্যে স্বস্তি তৈরি করেছে। একই সঙ্গে যুক্তরাষ্ট্রে ভবিষ্যতে সুদের হার কমানোর সম্ভাবনা নিয়ে আলোচনা জোরালো হচ্ছে। তবে এ ক্ষেত্রে মুদ্রাস্ফীতি আরও নিয়ন্ত্রণে আসা জরুরি বলে মনে করা হচ্ছে।

অর্থনীতির সাধারণ নিয়ম অনুযায়ী, মুদ্রাস্ফীতির চাপ কমলে এবং সুদের হার দীর্ঘ সময় উঁচু অবস্থানে থাকার সম্ভাবনা হ্রাস পেলে স্বর্ণের মতো নিরাপদ বিনিয়োগে আগ্রহ বাড়ে। কারণ স্বর্ণ থেকে সরাসরি সুদ পাওয়া যায় না, তাই উচ্চ সুদের সময়ে এটি তুলনামূলকভাবে কম আকর্ষণীয় হয়ে ওঠে। কিন্তু সুদের চাপ কমলে আবার এই ধাতুটির প্রতি আগ্রহ বাড়ে।

অন্য মূল্যবান ধাতুর বাজারেও একই ধরনের প্রবণতা দেখা গেছে। রুপার দাম প্রায় ২ দশমিক ২ শতাংশ বেড়ে ৭২ দশমিক ৮৩ ডলারে পৌঁছেছে। প্লাটিনামের দাম ০ দশমিক ৭ শতাংশ বেড়ে ১ হাজার ৯৪৮ ডলারের ওপরে উঠেছে। প্যালাডিয়ামের দাম তুলনামূলক স্থিতিশীল থেকে প্রায় ১ হাজার ৪৩৯ ডলারে রয়েছে।

দেশীয় বাজারেও স্বর্ণের দাম উচ্চ পর্যায়ে অবস্থান করছে। বাংলাদেশে বর্তমানে প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৪১ হাজার ৪৪৫ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৩০ হাজার ৪৮১ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৯৭ হাজার ৫৩০ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের প্রতি ভরি ১ লাখ ৬০ হাজার ৯০৫ টাকা নির্ধারিত হয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন