

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক অস্থির পরিস্থিতির প্রভাব পড়েছে বাংলাদেশের আকাশপথেও। আঞ্চলিক উত্তেজনার কারণে একাধিক আন্তর্জাতিক রুটে ফ্লাইট বাতিল ও সময়সূচি পরিবর্তনের ঘটনা ঘটেছে। এতে ভোগান্তিতে পড়েছেন বহু যাত্রী। সংশ্লিষ্ট সূত্র ও বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, পরিস্থিতি মোকাবিলায় বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে।
প্রভাব পড়েছে আন্তর্জাতিক বিভিন্ন এয়ারলাইনসের ফ্লাইটে। এর মধ্যে রয়েছে এমিরেটস (সংযুক্ত আরব আমিরাত), গালফ এয়ার (বাহরাইন), ফ্লাই ডুবাই (সংযুক্ত আরব আমিরাত) এবং এয়ার আরাবিয়া একাধিক ফ্লাইট।
সূত্র জানায়, শনিবার মোট ২৩টি ফ্লাইট বাতিল হয়। এর মধ্যে ছিল বাংলাদেশ বিমানের ১১টি, ইউ এস বাংলার এর ছয়টি, এয়ার অ্যারাবিয়ার তিনটি এবং এমিরেটস, গালফ এয়ার ও ফ্লাইদুবাইয়ের একটি করে ফ্লাইট।
এদিকে রোববার (২ মার্চ) পরিস্থিতি আরও জটিল আকার ধারণ করে। এদিন মোট ৪০টি ফ্লাইট বাতিল হয়। এর মধ্যে বিমানের নয়টি, ইউএস-বাংলার চারটি, এয়ার অ্যারাবিয়ার আটটি, এমিরেটসের পাঁচটি এবং ফ্লাইদুবাইয়ের চারটি ফ্লাইট রয়েছে।
উদ্ভূত পরিস্থিতি পর্যবেক্ষণে রবিবার বিমানবন্দর পরিদর্শন করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।
তিনি সাংবাদিকদের জানান, বাতিল ও স্থগিত ফ্লাইটের যাত্রীদের দুর্ভোগ কমাতে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। যাত্রীদের দ্রুত গন্তব্যে পৌঁছে দিতে বিকল্প ফ্লাইট ও পুনঃনির্ধারিত সময়সূচি নিয়ে কাজ চলছে। সোমবারের মধ্যেই অধিকাংশ যাত্রীকে গন্তব্যে পাঠানোর লক্ষ্য নির্ধারণ করা হয়েছে বলেও তিনি জানান।
প্রতিমন্ত্রী আরও বলেন, ঢাকার বাইরের যাত্রীদের কথা বিবেচনায় রেখে নতুন ফ্লাইট সময়সূচি নির্ধারণ করা হচ্ছে, যাতে তারা পর্যাপ্ত প্রস্তুতির সময় পান। সার্বিক পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে এবং প্রয়োজনে অতিরিক্ত ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে বিমান বাংলাদেশ এয়ারলাইনস জানিয়েছে, দোহা, দুবাই ও আবুধাবি রুট ছাড়া মধ্যপ্রাচ্যের অন্যান্য গন্তব্যে ফ্লাইট স্বাভাবিক রয়েছে। সংস্থার পক্ষ থেকে যাত্রীদের নির্ধারিত সময়ের অন্তত চার ঘণ্টা আগে বিমানবন্দরে উপস্থিত থাকার অনুরোধ জানানো হয়েছে।
সামগ্রিক পরিস্থিতি বিবেচনায় যাত্রীদের সর্বশেষ ফ্লাইট তথ্য জানার জন্য সংশ্লিষ্ট এয়ারলাইনসের সঙ্গে যোগাযোগ রাখার পরামর্শ দিয়েছে কর্তৃপক্ষ।
মন্তব্য করুন
