

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর যৌথ আয়োজনে আগামী জুনে শুরু হওয়ার কথা বিশ্বকাপের। সম্ভবত এটি হতে চলেছে ৮ বারের ব্যালন ডি’অর জয়ী লিওনেল মেসির শেষ বিশ্বকাপ। টুর্নামেন্টের বাকি আছে এক মাসের একটু বেশি। আর এমন সময় যুক্তরাষ্ট্রে মামলা হলো বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনার প্রাণভোমরা লিওনেল মেসির নামে।
মায়ামির ভিদ মিউজিক গ্রুপ গত মাসে মিয়ামি-ডেড সার্কিট কোর্টে মেসি এবং আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)-এর বিরুদ্ধে প্রতারণা ও চুক্তি ভঙ্গের অভিযোগে মামলা করে বলে আদালতের নথিতে জানা গেছে।
আদালতের নথি অনুযায়ী, মায়ামিভিত্তিক ‘ভিদ মিউজিক গ্রুপ’ গত মাসে মিয়ামি-ডেড সার্কিট কোর্টে এই মামলা করে। তাদের অভিযোগ, গত বছর অনুষ্ঠিত দুটি প্রীতি ম্যাচে চুক্তির শর্ত অনুযায়ী না খেলায় মেসি প্রতারণা করেছেন এবং চুক্তি ভঙ্গ করেছেন।
প্রতিষ্ঠানটির দাবি, ভেনেজুয়েলা ও পুয়ের্তো রিকোর বিপক্ষে আর্জেন্টিনার দুটি প্রীতি ম্যাচ আয়োজন ও প্রচারের একচেটিয়া অধিকার পেতে তারা প্রায় ৭ মিলিয়ন ডলার পরিশোধ করে। চুক্তি অনুযায়ী, ইনজুরি না থাকলে প্রতিটি ম্যাচে মেসির অন্তত ৩০ মিনিট খেলার কথা ছিল।
তবে গত ১০ অক্টোবর ভেনেজুয়েলার বিপক্ষে ম্যাচে মেসিকে মাঠে দেখা যায়নি। তিনি পুরো ম্যাচটি স্টেডিয়ামের একটি স্যুটে বসে দেখেন। এ ঘটনাই মামলার মূল ভিত্তি হয়ে দাঁড়িয়েছে। কারণ, এর ঠিক পরদিনই মেসি তার ক্লাব ইন্টার মায়ামির হয়ে মাঠে নেমে দুটি গোল করেন, যা তার না খেলার কারণ নিয়ে প্রশ্ন তুলেছে।
অন্যদিকে, ১৪ অক্টোবর পুয়ের্তো রিকোর বিপক্ষে ম্যাচে খেলেছিলেন মেসি। তবে ম্যাচটি মূলত শিকাগোতে আয়োজনের কথা থাকলেও টিকিট বিক্রি কম হওয়াসহ নানা কারণে ভেন্যু পরিবর্তন করে ফ্লোরিডায় নেওয়া হয়। এতে আয়োজকদের আর্থিক ক্ষতির পরিমাণ আরও বেড়েছে বলে দাবি করা হয়েছে।
ভিদ মিউজিক গ্রুপ জানিয়েছে, একটি ম্যাচে মেসির অনুপস্থিতি এবং অন্য ম্যাচে প্রত্যাশার তুলনায় কম দর্শক উপস্থিতির কারণে তারা বড় অঙ্কের ক্ষতির মুখে পড়েছে। যদিও মামলায় নির্দিষ্ট ক্ষতিপূরণের পরিমাণ উল্লেখ করা হয়নি।
এ বিষয়ে এখনো পর্যন্ত মেসি বা আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
মন্তব্য করুন
