বৃহস্পতিবার
১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

গরম নিয়ে স্বস্তির বার্তা, ঢাকায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১৬ এপ্রিল ২০২৬, ০৮:৩৩ এএম
ছবি সংগৃহীত
expand
ছবি সংগৃহীত

তীব্র গরমের পর রাজধানী ঢাকার আবহাওয়া নিয়ে স্বস্তির বার্তা দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকালে ঝড় সতর্কীকরণ কেন্দ্র থেকে প্রকাশিত পূর্বাভাসে বলা হয়েছে, সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টায় ঢাকা ও আশপাশের এলাকায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এতে দিনের তাপমাত্রা কিছুটা কমতে পারে।

পূর্বাভাস অনুযায়ী, দুপুরের মধ্যে আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘাচ্ছন্ন হতে পারে। এ সময় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণ বা দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে, যা অস্থায়ীভাবে ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়ায় রূপ নিতে পারে। এতে দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে।

আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, আজ সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা ছিল ২৫ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস এবং আর্দ্রতা প্রায় ৮০ শতাংশ। বুধবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস এবং আজকের সর্বনিম্ন তাপমাত্রা ২৩ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।

এছাড়া আজ সূর্যাস্ত হবে সন্ধ্যা ৬টা ২০ মিনিটে এবং শুক্রবার সূর্যোদয় ভোর ৫টা ৩৬ মিনিটে। গত ২৪ ঘণ্টায় ঢাকায় সামান্য বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

অন্যদিকে সারাদেশের পূর্বাভাসে বলা হয়েছে, আজ সন্ধ্যার মধ্যে ঢাকা, ময়মনসিংহ, খুলনা ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

পূর্বাভাসে আরও জানানো হয়েছে, রাজশাহী, পাবনা, সিরাজগঞ্জ, যশোর, চুয়াডাঙ্গা ও কুষ্টিয়া জেলায় বয়ে যাওয়া মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ প্রশমিত হতে পারে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন