বৃহস্পতিবার
১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

নির্বাচনের আগ মুহূর্তে বাংলাদেশ সরকারের প্রতি জাতিসংঘের বার্তা

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১১ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৪৪ পিএম
ছবি: সংগৃহীত
expand
ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে বাংলাদেশ সরকারকে বার্তা দিয়েছে ঢাকায় অবস্থিত জাতিসংঘ কার্যালয়। সংস্থাটি নারীদের নিরাপদ, অন্তর্ভুক্তিমূলক ও অর্থবহ অংশগ্রহণ নিশ্চিত করার আহ্বান জানিয়েছে।

বুধবার (১১ ফেব্রুয়ারি) নিজেদের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক বার্তায় এ আহ্বান জানায় জাতিসংঘ।

বার্তায় বলা হয়, নির্বাচনে নিরাপদ, অন্তর্ভুক্তিমূলক ও অর্থবহ অংশগ্রহণ সবার মৌলিক অধিকার। এর মধ্যে সব নারী ও মেয়ের অধিকার অন্তর্ভুক্ত—বিশেষ করে প্রতিবন্ধী নারী, সংখ্যালঘু সম্প্রদায়ের নারী, ভিন্ন লিঙ্গ পরিচয়ের মানুষ এবং সমাজে যারা বেশি বাধা, বৈষম্য ও লিঙ্গভিত্তিক সহিংসতার ঝুঁকিতে থাকেন।

নির্বাচনের আগে বিভিন্ন নারী সংগঠন ও নাগরিক সমাজ নারী প্রার্থী ও ভোটারদের বিরুদ্ধে সহিংসতা ও হয়রানি—বিশেষ করে অনলাইন সহিংসতা—নিয়ে যে উদ্বেগ প্রকাশ করেছে, সে বিষয়ে জাতিসংঘ সচেতন বলে উল্লেখ করা হয় বার্তায়।

এতে বলা হয়, রাজনৈতিক নেতা-কর্মী, সাংবাদিক, মানবাধিকার রক্ষাকারীসহ জনজীবনের সঙ্গে সম্পৃক্ত নারীরা সাইবার বুলিং, ডিপফেক, পরিকল্পিত হয়রানি, ছবি বিকৃত করে অপব্যবহার এবং কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে যৌন ইঙ্গিতপূর্ণ কনটেন্ট তৈরির ঘটনার বৃদ্ধির কথা জানাচ্ছেন।

জাতিসংঘ জানায়, নারীদের অর্থপূর্ণ প্রতিনিধিত্ব ও নেতৃত্ব নিশ্চিত করতে তারা ধারাবাহিকভাবে কাজ করে আসছে এবং নারীসহ সব ভোটারের নিরাপদ অংশগ্রহণ নিশ্চিত করতে বাংলাদেশ নির্বাচন কমিশনকে সহায়তা দিচ্ছে। নারী ও অন্যান্য ভোটাররা যেন ভয়ভীতি, বৈষম্য, অনলাইন নির্যাতন বা প্রতিশোধের আশঙ্কা ছাড়াই প্রার্থী ও ভোটার হিসেবে নির্বাচনে অংশ নিতে পারেন, তা নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করা হয়।

সব অংশীজন, বিশেষ করে রাজনৈতিক নেতা, তাদের দল ও সমর্থকদের প্রতি আহ্বান জানিয়ে জাতিসংঘ বলেছে, নির্বাচনী প্রক্রিয়ায় নারীর প্রতি কোনো ধরনের হয়রানি, সহিংসতা বা ভয়ভীতি প্রদর্শন করা যাবে না। নারী প্রার্থী ও ভোটারদের অংশগ্রহণ ও নিরাপত্তা একটি অন্তর্ভুক্তিমূলক গণতান্ত্রিক প্রক্রিয়ার জন্য অপরিহার্য।

বার্তায় আরও বলা হয়েছে, বাংলাদেশের কর্তৃপক্ষ নিরাপত্তা, আইনের শাসন এবং প্রত্যেক ব্যক্তির অধিকার সুরক্ষায় কার্যকর পদক্ষেপ অব্যাহত রাখবে বলে জাতিসংঘ বিশ্বাস করে। সবার নিরাপত্তা ও অধিকার নিশ্চিত করতে সরকারকে সহায়তা দিতে সংস্থাটি প্রতিশ্রুতিবদ্ধ বলেও উল্লেখ করা হয়।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
Uzbekistan VS Colombia
Scheduled
18 Jun, 08:00 AM
VS
World Cup