সোমবার
২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার
২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ভারতীয় পর্যটকদের ভিসা দেওয়া ‘সীমিত’ করল বাংলাদেশ

প্রকাশ : ০৮ জানুয়ারি ২০২৬, ০৬:৪৫ পিএম
ছবি সংগৃহীত
expand
ছবি সংগৃহীত

কলকাতা, মুম্বাই ও চেন্নাইয়ে অবস্থিত বাংলাদেশের উপদূতাবাসগুলো থেকে ভারতীয় নাগরিকদের জন্য পর্যটক ভিসা দেওয়া সীমিত করা হয়েছে। এর আগে নয়াদিল্লির বাংলাদেশ দূতাবাস এবং আগরতলায় অ্যাসিস্ট্যান্ট হাইকমিশনের দপ্তর থেকে ভিসা প্রদান কার্যক্রম বন্ধ হয়ে যায়।

বুধবার থেকে সংশ্লিষ্ট ডেপুটি হাইকমিশনগুলোতে পর্যটক ভিসা দেওয়া সীমিত করা হয়েছে বলে বৃহস্পতিবার বিবিসি বাংলাকে জানিয়েছে। বর্তমানে কেবল গুয়াহাটিতে অবস্থিত অ্যাসিস্ট্যান্ট হাইকমিশনের দপ্তর থেকেই ভারতীয় নাগরিকদের বাংলাদেশের ভিসা প্রদান কার্যক্রম চালু রয়েছে।

এ বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি জারি না হলেও, কলকাতায় বাংলাদেশ উপদূতাবাসের একাধিক সূত্র বুধবার থেকে পর্যটক ভিসা সীমিত করার বিষয়টি নিশ্চিত করেছে।

তবে কর্মকর্তারা জানিয়েছেন, পর্যটক ভিসা সীমিত করা হলেও বাণিজ্যিক ভিসাসহ অন্যান্য শ্রেণির ভিসা প্রদান কার্যক্রম চালু থাকবে।

উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট গণঅভ্যুত্থানের মাধ্যমে শেখ হাসিনা সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর বাংলাদেশে অবস্থিত চারটি ভারতীয় ভিসা সেন্টারে ভাঙচুরের ঘটনা ঘটে। সে সময় ঢাকায় ভিসা সেন্টারের সামনেও বিক্ষোভ দেখা যায়।

এর পরপরই ভারত সাময়িকভাবে সব ধরনের ভিসা কার্যক্রম বন্ধ রাখে। পরে ভিসা সেন্টারগুলো চালু হলেও ভারত কর্তৃপক্ষ জানিয়ে দেয়, মেডিকেল ভিসা ও কিছু জরুরি প্রয়োজন ছাড়া অন্যান্য ভিসা আপাতত ইস্যু করা হবে না।

বর্তমানে বাংলাদেশি নাগরিকদের জন্য ভারতীয় পর্যটক ভিসা পুরোপুরি বন্ধ রয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন