মঙ্গলবার
২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার
২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

আমলকি খাওয়ার ৬ কার্যকরী উপকারিতা

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২৩ জুন ২০২৬, ০৭:০২ পিএম
ছবি সংগৃহীত
expand
ছবি সংগৃহীত

প্রকৃতির অন্যতম পুষ্টিকর ফল আমলকী। ছোট আকারের এই ফলটি ভেষজ গুণ, পুষ্টিমান এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির জন্য শতাব্দীর পর শতাব্দী ধরে আয়ুর্বেদিক ও ঘরোয়া চিকিৎসায় ব্যবহৃত হয়ে আসছে।

বিশেষজ্ঞদের মতে, ভিটামিন ‘সি’–এর অন্যতম সমৃদ্ধ উৎস হওয়ায় আমলকী শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর পাশাপাশি ত্বক, চুল, হজমশক্তি এবং হৃদ্‌স্বাস্থ্যের জন্যও অত্যন্ত উপকারী।

পুষ্টিবিজ্ঞানীদের তথ্য অনুযায়ী, আমলকীতে পেয়ারা, লেবু, কমলা, আপেল, আম কিংবা কলার তুলনায় অনেক বেশি ভিটামিন ‘সি’ রয়েছে।

একজন প্রাপ্তবয়স্ক মানুষের দৈনিক ভিটামিন ‘সি’র চাহিদা পূরণে মাত্র দুটি আমলকীই যথেষ্ট। এছাড়া এতে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট, ফাইটো-কেমিক্যাল এবং বিভিন্ন খনিজ উপাদান, যা শরীরকে নানা রোগের বিরুদ্ধে সুরক্ষা দেয়।

আমলকীর কিছু জাদুকরী উপকারীতা:

১. রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়

সর্দি-কাশি, জ্বর কিংবা ভাইরাল সংক্রমণের মতো মৌসুমি রোগ প্রতিরোধে আমলকী কার্যকর ভূমিকা রাখে। ভিটামিন ‘সি’ ও অ্যান্টিঅক্সিডেন্টসমৃদ্ধ এই ফল শরীরের ইমিউন সিস্টেমকে শক্তিশালী করে এবং সংক্রমণের ঝুঁকি কমাতে সাহায্য করে।

২. হজমশক্তি উন্নত করে

অনেকেই বদহজম, গ্যাস্ট্রিক বা কোষ্ঠকাঠিন্যের সমস্যায় ভোগেন। আমলকী হজম প্রক্রিয়া স্বাভাবিক রাখতে সাহায্য করে এবং পাকস্থলীর অ্যাসিডের ভারসাম্য বজায় রাখে। নিয়মিত আমলকী খেলে অন্ত্রের স্বাস্থ্য ভালো থাকে এবং হজমজনিত নানা সমস্যা কমে আসে।

৩. ত্বক ও চুলের যত্নে উপকারী

আমলকী ত্বকের জন্য প্রাকৃতিক পুষ্টির উৎস হিসেবে কাজ করে। এতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট ত্বকের কোষকে সুরক্ষা দেয়, বয়সের ছাপ কমাতে সহায়তা করে এবং ত্বককে উজ্জ্বল রাখতে সাহায্য করে। একই সঙ্গে ব্রণ ও অন্যান্য ত্বকের সমস্যাও কমাতে ভূমিকা রাখতে পারে।

চুলের ক্ষেত্রেও আমলকীর উপকারিতা সুপরিচিত। এটি চুলের গোড়া মজবুত করে, চুল পড়া কমায় এবং অকালপক্বতা প্রতিরোধে সহায়তা করে। অনেক হারবাল তেল ও চুলের পরিচর্যা পণ্যে আমলকীর নির্যাস ব্যবহার করা হয়।

৪. হৃদ্‌স্বাস্থ্য ও রক্তের জন্য উপকারী

আমলকী রক্তে কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে এবং হৃদ্‌যন্ত্রের কার্যক্ষমতা উন্নত করতে ভূমিকা রাখে। পাশাপাশি এটি লোহিত রক্তকণিকা বৃদ্ধিতে সহায়তা করে, যা রক্তস্বল্পতা প্রতিরোধে উপকারী হতে পারে। উচ্চ রক্তচাপের ঝুঁকি কমাতেও আমলকী ইতিবাচক ভূমিকা রাখে বলে মনে করেন বিশেষজ্ঞরা।

৫. ডায়াবেটিস ও ওজন নিয়ন্ত্রণে সহায়ক

গবেষণায় দেখা গেছে, আমলকী রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করতে পারে। একই সঙ্গে এটি শরীরের অতিরিক্ত চর্বি কমাতে এবং ওজন নিয়ন্ত্রণে সহায়ক ভূমিকা পালন করে।

৬. লিভার, চোখ ও মস্তিষ্কের সুরক্ষায়

আমলকী লিভারের কার্যকারিতা উন্নত করতে সাহায্য করে এবং জন্ডিসসহ কিছু লিভার-সংক্রান্ত সমস্যায় উপকারী বলে বিবেচিত হয়। এছাড়া চোখের স্বাস্থ্য ভালো রাখতে, দৃষ্টিশক্তি রক্ষা করতে এবং বয়সজনিত চোখের সমস্যা প্রতিরোধে এর ভূমিকা রয়েছে।

বিশেষজ্ঞরা বলছেন, আমলকী মস্তিষ্কের কার্যক্রমেও ইতিবাচক প্রভাব ফেলে এবং স্মৃতিশক্তি ও মানসিক সক্ষমতা বৃদ্ধিতে সহায়ক হতে পারে।

কীভাবে খাবেন আমলকী

আমলকী কাঁচা খাওয়া যায়, আবার রস, আচার, ভর্তা বা শুকনো গুঁড়া হিসেবেও খাওয়া যায়। কেউ কেউ মধুর সঙ্গে মিশিয়ে কিংবা বিভিন্ন পানীয়ের উপাদান হিসেবেও এটি গ্রহণ করেন। হজমশক্তি বাড়াতে খাবারের সঙ্গে আমলকীর আচারও খাওয়া যেতে পারে।

তবে যাদের গ্যাস্ট্রিক, আলসার বা অতিরিক্ত অ্যাসিডিটির সমস্যা রয়েছে, তাদের নিয়মিত আমলকী খাওয়ার আগে চিকিৎসকের পরামর্শ নেওয়া ভালো।

ছোট্ট একটি ফল হলেও পুষ্টিগুণে ভরপুর আমলকী সুস্থ জীবনযাপনের অন্যতম প্রাকৃতিক সহায়ক। নিয়মিত ও পরিমিত পরিমাণে আমলকী খাদ্যতালিকায় রাখলে শরীরের সার্বিক সুস্থতা বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
Portugal VS Uzbekistan
Scheduled
23 Jun, 11:00 PM
VS
World Cup