সোমবার
১০ আগস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার
১০ আগস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

সাত সপ্তাহ পর কমল স্বর্ণের দাম

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১০ আগস্ট ২০২৬, ০৯:৫৭ এএম আপডেট : ১০ আগস্ট ২০২৬, ০৯:৫৮ এএম
ফাইল ছবি
expand
ফাইল ছবি

সাত সপ্তাহের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে ওঠার পর বিশ্ববাজারে স্বর্ণের দামে কিছুটা পতন হয়েছে। মুনাফা তুলে নেওয়ার প্রবণতার পাশাপাশি যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভের পরবর্তী সুদহার সিদ্ধান্তের দিকে বিনিয়োগকারীদের নজর থাকায় সোমবার (১০ আগস্ট) মূল্যবান ধাতুটির দাম কমেছে।

বার্তা সংস্থা রয়টার্সের তথ্য অনুযায়ী, বাংলাদেশ সময় সকাল ৮টার দিকে স্পট গোল্ডের দাম দশমিক ৫ শতাংশ কমে প্রতি আউন্স ৪ হাজার ৩২২ দশমিক ২৮ ডলারে নেমে আসে। একই সময়ে যুক্তরাষ্ট্রের গোল্ড ফিউচার্সের দাম কমেছে দশমিক ৪ শতাংশ, প্রতি আউন্সের দাম দাঁড়িয়েছে ৪ হাজার ৩৮১ দশমিক ৬০ ডলার।

এর আগে গত শুক্রবার যুক্তরাষ্ট্রের প্রত্যাশার তুলনায় দুর্বল কর্মসংস্থান তথ্য প্রকাশের পর স্বর্ণের দাম ১৭ জুনের পর সর্বোচ্চ পর্যায়ে ওঠে। জুলাইয়ে মার্কিন অর্থনীতিতে অপ্রত্যাশিতভাবে কর্মসংস্থান কমার পাশাপাশি আগের দুই মাসের কর্মসংস্থান বৃদ্ধির হিসাবও বড় আকারে কমিয়ে সংশোধন করা হয়।

দুর্বল কর্মসংস্থানের এই তথ্য সেপ্টেম্বরে ফেডের সুদহার নিয়ে বাজারের হিসাবও বদলে দিয়েছে। আগামী ১৫ ও ১৬ সেপ্টেম্বরের বৈঠকে সুদহার বাড়ানোর সম্ভাবনা এখন ৫০ শতাংশের নিচে নেমে এসেছে।

সাধারণত সুদহার কমার সম্ভাবনা বাড়লে স্বর্ণের চাহিদা বাড়ে। কারণ স্বর্ণ কোনো সুদ দেয় না। ফলে সুদহার কমলে সুদ-আয়কারী সম্পদের তুলনায় স্বর্ণে বিনিয়োগের সুযোগ ব্যয়ও কমে যায়।

কেসিএম ট্রেডের প্রধান বাজার বিশ্লেষক টিম ওয়াটারার মনে করেন, গত সপ্তাহে দুর্বল কর্মসংস্থান প্রতিবেদনের পর স্বর্ণের দামে জোরালো উত্থান হয়েছিল। এখন সেই বৃদ্ধির পর কিছুটা মুনাফা তুলে নেওয়া হচ্ছে। তাঁর মতে, বর্তমান পতন বড় কোনো বাজার পরিবর্তনের ইঙ্গিত নয় এবং কাছাকাছি সময়ে স্বর্ণের দাম ৪ হাজার ৩০০ ডলারের ওপরে থাকতে পারে।

এদিকে চলতি সপ্তাহে যুক্তরাষ্ট্রের মূল্যস্ফীতিসংক্রান্ত দুটি গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশিত হবে। বুধবার ভোক্তা মূল্যসূচক (সিপিআই) এবং বৃহস্পতিবার উৎপাদক মূল্যসূচক (পিপিআই) প্রকাশের কথা রয়েছে। এসব তথ্য প্রত্যাশার চেয়ে দুর্বল হলে ফেডের সুদহার নিয়ে বাজারে নতুন প্রত্যাশা তৈরি হতে পারে, যা স্বর্ণের দামকে আবারও ঊর্ধ্বমুখী করতে পারে।

স্বর্ণের বাজারে নজর রয়েছে মধ্যপ্রাচ্যের ভূরাজনৈতিক পরিস্থিতির দিকেও। ইরান জানিয়েছে, ওমানের সঙ্গে হরমুজ প্রণালিতে নতুন নৌপথ নির্ধারণের বিষয়ে তারা চূড়ান্ত চুক্তির কাছাকাছি পৌঁছেছে। তবে কৌশলগত গুরুত্বপূর্ণ এই জলপথ পুনরায় খুলে দেওয়ার আগে যুক্তরাষ্ট্রকে কয়েকটি শর্ত পূরণ করতে হবে বলে জানিয়েছে তেহরান।

স্বর্ণের পাশাপাশি সোমবার অন্যান্য মূল্যবান ধাতুর দামও কমেছে। স্পট রুপার দাম দশমিক ২ শতাংশ কমে প্রতি আউন্স ৬৩ দশমিক ৪৫ ডলার, প্লাটিনামের দাম দশমিক ১ শতাংশ কমে ১ হাজার ৭৪২ দশমিক ৫০ ডলার এবং প্যালাডিয়ামের দাম ১ দশমিক ১ শতাংশ কমে ১ হাজার ৩৬২ দশমিক ৯৭ ডলারে নেমেছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন