সোমবার
০১ জুন ২০২৬, ১৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার
০১ জুন ২০২৬, ১৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

প্রধান বিচারপতির অবর্তমানে দায়িত্বে বিচারপতি রেজাউল হক

এনপিবি প্রতিবেদক
প্রকাশ : ০১ জুন ২০২৬, ১২:৩০ পিএম
বিচারপতি মো. রেজাউল হক
expand
বিচারপতি মো. রেজাউল হক

প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী চিকিৎসার জন্য দেশের বাইরে থাকায় তার অনুপস্থিতিতে প্রধান বিচারপতির কার্যভার পালন করবেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি মো. রেজাউল হক।

সংবিধানের ৯৭ অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি এই নিয়োগে অনুমোদন দিয়েছেন জানিয়ে গত ২৪ মে প্রজ্ঞাপন জারি করেছে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়।

মন্ত্রণালয়ের সচিব লিয়াকত আলী মোল্লা স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী চিকিৎসার উদ্দেশ্যে ৩১ মে থেকে ৫ জুন পর্যন্ত থাইল্যান্ড সফরে থাকবেন। তার এই সফরকালে অথবা দেশে ফিরে পুনরায় স্বীয় কার্যভার গ্রহণ না করা পর্যন্ত বিচারপতি মো. রেজাউল হক প্রধান বিচারপতির দায়িত্ব পালন করবেন।

একই প্রজ্ঞাপনে জানানো হয়, আপিল বিভাগের জ্যেষ্ঠতম বিচারপতি মো. আশফাকুল ইসলামও চিকিৎসার প্রয়োজনে ৩১ মে থেকে ৬ জুন পর্যন্ত সিঙ্গাপুরে অবস্থান করবেন।

প্রধান বিচারপতি এবং আপিল বিভাগের জ্যেষ্ঠতম বিচারপতি একই সময়ে দেশের বাইরে অবস্থান করায় পরবর্তী জ্যেষ্ঠ বিচারপতি হিসেবে মো. রেজাউল হককে প্রধান বিচারপতির কার্যভার পালনের এই দায়িত্ব দেওয়া হয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন