শুক্রবার
২২ মে ২০২৬, ৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
২২ মে ২০২৬, ৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

এই গরমে মরেই যাব: সালমান এফ রহমান

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২১ মে ২০২৬, ১০:৪৭ পিএম
ছবি: সংগৃহীত
expand
ছবি: সংগৃহীত

আদালতে হাজিরা দিতে এসে তীব্র গরমে বুলেটপ্রুফ জ্যাকেট ও হেলমেট পরানো নিয়ে বিরক্তি প্রকাশ করেছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান।

বৃহস্পতিবার (২১ মে) সকালে মানি লন্ডারিংয়ের দুটি মামলায় হাজিরার জন্য তাকে ঢাকার আদালতে আনা হয়। এ সময় কড়া নিরাপত্তার অংশ হিসেবে পুলিশ সদস্যরা তার গায়ে বুলেটপ্রুফ জ্যাকেট এবং মাথায় হেলমেট পরিয়ে দেন। তখনই গরমে অতিষ্ঠ হয়ে তিনি বলেন, ‘এই গরমে এসব পরে মরেই যাব। অনেক গরম, খুব গরম।’

এর আগে সকাল সাড়ে ৯টার দিকে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে সালমান এফ রহমান, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক এবং সাবেক সংসদ সদস্য সাদেক খানকে প্রিজন ভ্যানে করে ঢাকা মহানগর দায়রা জজ আদালতে নেওয়া হয়। আদালত প্রাঙ্গণে পৌঁছানোর পর নিরাপত্তা প্রটোকল অনুসারে তাদের আদালতের হাজতখানায় নেওয়া হয়।

আদালত সূত্রে জানা গেছে, মানি লন্ডারিং আইনে দায়ের করা পৃথক দুটি মামলায় এদিন তাদের হাজিরার তারিখ নির্ধারিত ছিল।

এদিকে একই সকালে আরেকটি প্রিজন ভ্যানে করে আদালতে আনা হয় সাবেক তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলককে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় মোহাম্মদপুরে এক ট্রাকচালককে গুলি করে হত্যার অভিযোগে দায়ের করা মামলায় তাকে আদালতে হাজির করা হয়।

প্রিজন ভ্যান থেকে নামার সময় পলককে খুঁড়িয়ে হাঁটতে দেখা যায়। তিনি পুলিশের কাঁধে ভর দিয়ে চলছিলেন। উপস্থিত সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, হাসপাতালে চিকিৎসা নিয়ে এসেছেন এবং এখনো ব্যথা রয়েছে। তবে কোন হাসপাতাল থেকে তাকে আনা হয়েছে, সে বিষয়ে কিছু জানাননি।

পরে তাকেও পুলিশের নিরাপত্তায় আদালতের হাজতখানায় নেওয়া হয়।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন