বৃহস্পতিবার
২১ মে ২০২৬, ৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
২১ মে ২০২৬, ৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

শিশু রামিসার পর ফের হত্যা, গৃহবধূর গলাকাটা লাশ উদ্ধার 

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২১ মে ২০২৬, ০৯:২৯ এএম
সংগৃহীত ছবি
expand
সংগৃহীত ছবি

রাজধানীর মিরপুরের পল্লবীতে সাত বছরের শিশু রামিসাকে ধর্ষণের পর গলা কেটে হত্যার ঘটনায় যখন দেশজুড়ে আতঙ্ক ও ক্ষোভ বিরাজ করছে। ঠিক তখনই বগুড়ার গাবতলীতে আরেকটি নৃশংস হত্যাকাণ্ড নাড়িয়ে দিয়েছে স্থানীয়দের। গভীর রাতে নিজ ঘরে ঢুকে দুর্বৃত্তরা গলা কেটে হত্যা করেছে গৃহবধূ রীতা রানী মজুমদারকে। স্বামীর চোখের সামনে রক্তাক্ত অবস্থায় পড়ে ছিল স্ত্রীর নিথর দেহ।

বগুড়ার গাবতলী উপজেলায় মধ্যরাতে ঘরে ঢুকে রীতা রানী মজুমদার (৪৫) নামে এক গৃহবধূকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল বুধবার (২০ মে) রাত সোয়া ১২টার দিকে উপজেলার মমিনহাটা দক্ষিণপাড়া এলাকায় ঘটনাটি ঘটে।

নিহত রীতা রানী মজুমদার ওই এলাকার বিধান চন্দ্র রায়ের স্ত্রী। তাদের এক ছেলে ও এক মেয়ে পড়াশোনার কারণে ঢাকায় থাকেন। বাড়িতে স্বামী-স্ত্রী দুজনই বসবাস করতেন।

নিহতের স্বামী বিধান চন্দ্র রায় জানান, বুধবার রাত ১০টার দিকে স্ত্রীর সঙ্গে খাবার খেয়ে তারা আলাদা ঘরে ঘুমাতে যান। রাত সোয়া ১২টার দিকে হঠাৎ নিজের ঘরের দরজায় জোরে ধাক্কার শব্দে তার ঘুম ভাঙে। স্ত্রীর ঘর থেকে গোঙানির শব্দ শুনে দ্রুত সেখানে যান তিনি। ঘরে ঢুকে রীতা রানীকে গলাকাটা অবস্থায় মেঝেতে পড়ে থাকতে দেখেন। পরে তিনি চিৎকার করলে আশপাশের লোকজন এগিয়ে আসেন। এ সময় বাড়ির সদর দরজা খোলা অবস্থায় ছিল বলে জানান তিনি।

জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার (গাবতলী সার্কেল) হুমায়ুন কবীর বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। নিহতের মরদেহ গলাকাটা অবস্থায় শয়নকক্ষের মেঝেতে পড়ে ছিল। হত্যাকাণ্ডের রহস্য উদ্‌ঘাটন ও জড়িত ব্যক্তিদের শনাক্ত করে গ্রেপ্তারে পুলিশ কাজ করছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন