বৃহস্পতিবার
২১ মে ২০২৬, ৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
২১ মে ২০২৬, ৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

নতুন রূপে ফিরছে পাসপোর্ট, বাদ যাচ্ছে যেসব বিষয়

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২১ মে ২০২৬, ১১:৪৮ এএম
ফাইল ছবি
expand
ফাইল ছবি

চলতি বছরের ১৭ ফেব্রুয়ারি সরকার গঠনের পর পাসপোর্টে বেশ কিছু বিষয় পরিবর্তনের প্রক্রিয়া শুরু করে বিএনপি। এপ্রিল ও চলতি মাসের শুরুতে এ নিয়ে একাধিক সভাও করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। সভায় নতুন রূপে পাসপোর্ট ফেরাতে বেশ কিছু বিষয়ে সিদ্ধান্ত হয়। বিশেষ করে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলে বাদ দেওয়া ‘ইসরায়েল ব্যতীত’ (Except Israel) শব্দবন্ধ পুনর্বহাল করতে যাচ্ছে বিএনপি সরকার।

এছাড়া নতুন পাসপোর্টে জলছাপে থাকা ব্যক্তি, ঐতিহাসিক স্থাপনা ও ব্যক্তির নামে প্রতিষ্ঠান বাদ দেওয়া হচ্ছে। সেসব স্থানে নতুন ছবি যুক্ত করা হচ্ছে।

২০২০ সালে আওয়ামী লীগ সরকার যখন ই-পাসপোর্ট পরিষেবা চালু করে তখন পাসপোর্ট থেকে ইসরায়েল ব্যতীত শব্দবন্ধ বাদ দেওয়া হয়। এর মাধ্যমে বাংলাদেশের পাসপোর্ট দিয়ে ইসরায়েলে ভ্রমণের বৈধতা দেওয়া হয়। বিষয়টি নিয়ে তখন জনমনে ক্ষোভের সৃষ্টি হয়। বিভিন্ন মহল থেকে ইসরায়েল ব্যতীত শব্দবন্ধ যুক্ত করতে দাবি ওঠে। এর আগে বাংলাদেশের পাসপোর্টে লেখা থাকত, ইসরায়েল ছাড়া এই পাসপোর্ট বিশ্বের সব দেশের জন্য বৈধ।

আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হওয়ার পর গত বছরের ৭ এপ্রিল পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালককে বাংলাদেশি পাসপোর্টে ইসরায়েল ব্যতীত পুনর্বহালে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে চিঠি দেয় অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়। তবে অন্তর্বর্তী সরকারের ওই সিদ্ধান্তে কূটনৈতিক পাসপোর্টের বাইরে বড় পরিসরে কার্যকর হয়নি। এখন বর্তমান সরকার সব ধরনের পাসপোর্টে এটি কার্যকর করার উদ্যোগ নিয়েছে।

ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের কর্মকর্তারা জানান, নতুন নির্দেশনা অনুযায়ী ধাপে ধাপে নতুন পাসপোর্টে ইসরায়েল ব্যতীত শব্দবন্ধ যুক্ত করা হবে। পুরোনো পাসপোর্টধারীদের জন্য কোনো জটিলতা তৈরি হবে না। মেয়াদ শেষে নবায়নের সময় নতুন সংস্করণের পাসপোর্ট পাওয়া যাবে।

বর্তমানে ই-পাসপোর্টের প্রতিটি পৃষ্ঠায় জলছাপে বিভিন্ন ঐতিহাসিক স্থাপনার ছবি রয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, পাসপোর্ট থেকে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধ, রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে স্বাধীনতার স্তম্ভ, মডেল মসজিদ, বঙ্গবন্ধু সেতু (যমুনা সেতু), বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নভোথিয়েটার, বঙ্গবন্ধু স্যাটেলাইট, পদ্মা সেতু, মেট্রোরেল, নৌকাসহ কক্সবাজার সমুদ্রসৈকতের ছবি, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র, দিনাজপুরের কান্তজিউ মন্দির এবং মেহেরপুরে মুজিবনগর সরকারের স্মৃতিসৌধের ছবি বাদ যাচ্ছে।

এ ছাড়া ই-পাসপোর্টে নতুন করে যুক্ত হচ্ছে জুলাই গণ-অভ্যুত্থানের সময় রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদের দুই হাত প্রসারিত করে দাঁড়িয়ে থাকা ছবি। একই সঙ্গে ঐতিহাসিক বঙ্গভবন, ভৌগোলিক নির্দেশক (জিআই) জামদানি শাড়ি, জাতীয় ফল কাঁঠাল, জাতীয় মাছ ইলিশ, সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওর, কক্সবাজার সমুদ্রসৈকত (নৌকা বাদে), মৌলভীবাজারের মাধবকুণ্ড জলপ্রপাত, ঢাকার ঐতিহাসিক আহসান মঞ্জিল, কুমিল্লার শালবন বিহার, বান্দরবানের নীলগিরি পর্বত, রাজশাহীর আমবাগান, সাভারের জাতীয় স্মৃতিসৌধ এবং নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে অবস্থিত ঐতিহাসিক পানামনগরীর ছবি পাসপোর্টে স্থান পাচ্ছে।

আগের যেসব ছবি থাকছে

জাতীয় ফুল শাপলা, বেঙ্গল টাইগার, জাতীয় পাখি দোয়েল, শহীদ মিনার, সুপ্রিম কোর্ট, সোহরাওয়ার্দী উদ্যানে শিখা অনির্বাণ, লালবাগ দুর্গ, হাতিরঝিল, বায়তুল মোকাররম মসজিদ, কার্জন হল, ষাটগম্বুজ মসজিদ, সোনালি আঁশ পাট, চা–বাগান, সুন্দরবন এবং ‘সংগ্রাম’ জয়নুল আবেদিন চিত্রকর্ম।

স্বরাষ্ট্রসচিব মনজুর মোর্শেদ চৌধুরী বলেন, পাসপোর্টের ভেতরে থাকা কয়েকটি জলছাপ বাদ দেওয়া হচ্ছে, নতুন করে বেশ কিছু ছবি যুক্ত করা হচ্ছে। শিগগিরই এ বিষয়ে সরকারপ্রধানের অনুমোদন পাওয়া যাবে। তথ্যসূত্র: প্রথম আলো

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন