শনিবার
১৩ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শনিবার
১৩ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

ফেসবুক বিভ্রাট নিয়ে যা জানালেন মেটার মুখপাত্র

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১৩ জুন ২০২৬, ১২:৪৬ এএম
ছবি: সংগৃহীত
expand
ছবি: সংগৃহীত

পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে আজ শুক্রবার সন্ধ্যায় ফেসবুক এবং ইনস্টাগ্রাম ব্যবহারকারীরা হঠাৎ-ই সাময়িক অসুবিধার মধ্যে পড়েন। কিছু সময় পরে তা ঠিক হয়ে গেলেও ব্যবহারকারীদের মাঝে এ নিয়ে কৌতুহল সৃষ্টি হয়।

এদিকে মেটার মুখপাত্র অ্যান্ডি স্টোন অন্য আরেকটি সচল সামাজিক মাধ্যম এক্সে পোস্ট করে জানান, ‘আমরা জানি, বর্তমানে অনেক মানুষ আমাদের সেবাগুলো ব্যবহার করতে সমস্যার মুখোমুখি হচ্ছেন। আমরা বিষয়টি সমাধানে কাজ করছি।’

এর পরের পোস্টে তিনি বলেন, ‘আমরা সেবাগুলো পুনরুদ্ধারের কাজ করছি। তবে সবকিছু পুরোপুরি স্বাভাবিক অবস্থায় ফিরতে কিছুটা সময় লাগতে পারে।’

এদিকে বিভ্রাট পর্যবেক্ষণকারী ওয়েবসাইট ডাউন ডিটেক্টরের তথ্য অনুযায়ী, গ্রিনিচ মান সময় দুপুর ২টা ১০ মিনিট পর্যন্ত ফেসবুক নিয়ে ৬২ হাজারের বেশি এবং ইনস্টাগ্রাম নিয়ে ৮ হাজারের বেশি অভিযোগ জমা পড়ে। এছাড়াও সিঙ্গাপুরে দুপুর ১টার দিকে ডাউন ডিটেক্টরে ফেসবুক সংক্রান্ত অভিযোগের সংখ্যা হঠাৎ বেড়ে যায়।

ফেসবুকের মূল অ্যাপ ও ওয়েবসাইটের পাশাপাশি মেসেঞ্জার সেবাতেও এই বিভ্রাট দেখা যায়। এ সময় অনেক ব্যবহারকারীর স্ক্রিনে ‘Something went wrong’ বার্তা ভেসে ওঠে।

বিভ্রাট পর্যবেক্ষণকারী ওয়েবসাইট ‘StatusGator’ জানিয়েছে, ফিলিপাইন, ভারত, অস্ট্রেলিয়া, কানাডা ও যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশের ব্যবহারকারীরাও মেটার বিভিন্ন অ্যাপে সমস্যার কথা জানিয়েছেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন