রবিবার
০৭ জুন ২০২৬, ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
রবিবার
০৭ জুন ২০২৬, ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

আরেকটি পূর্ণ সূর্যগ্রহণ দেখবে বিশ্ব, জানা গেল তারিখ

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৭ জুন ২০২৬, ১২:৪৬ পিএম
পূর্ণগ্রাস সূর্যগ্রহণ।। ফাইল ছবি
expand
পূর্ণগ্রাস সূর্যগ্রহণ।। ফাইল ছবি

আবারও পূর্ণ সূর্যগ্রহণের সাক্ষী হতে চলেছে পৃথিবীর বেশ কিছু অঞ্চল। আগামী ১২ আগস্ট পৃথিবী ও সূর্যের মাঝখানে এসে সূর্যের আলো সম্পূর্ণভাবে ঢেকে দিতে চলেছে পৃথিবীর একমাত্র উপগ্রহ চাঁদ। ফলে দিনের আলোতেও বেশ কিছু অঞ্চলে সাময়িক সময়ের জন্য রাতের মতো অন্ধকার নেমে আসবে।

মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসার তথ্যমতে, পূর্ণ সূর্যগ্রহণ তখনই ঘটে যখন চাঁদ সম্পূর্ণভাবে সূর্যকে ঢেকে দেয় এবং তার ছায়া পৃথিবীর নির্দিষ্ট অঞ্চলের ওপর পড়ে। তবে এই গ্রহণ বিশ্বের সব জায়গা থেকে একইভাবে দেখা যাবে না। ইউরোপ, আফ্রিকা ও উত্তর আমেরিকার বিস্তীর্ণ এলাকায় আংশিক সূর্যগ্রহণ দেখা যাবে, যেখানে সূর্যের কেবল একটি অংশ আড়াল হবে।

অন্যদিকে গ্রিনল্যান্ড, আইসল্যান্ড, উত্তর স্পেন ও উত্তর-পূর্ব পর্তুগালের কিছু এলাকায় পূর্ণ সূর্যগ্রহণ দেখা যাবে। ওই সময় সূর্য পুরোপুরি আড়াল হয়ে যাওয়ায় আকাশ কয়েক মুহূর্তের জন্য অন্ধকার হয়ে যাবে।

২০২৬ সালের এই গ্রহণ ইউরোপের জন্য বিশেষ গুরুত্বপূর্ণ। কারণ মূল ভূখণ্ডের স্পেনে এক শতাব্দীরও বেশি সময় পর আবারও পূর্ণ সূর্যগ্রহণ দেখা যাবে। ইউরোপীয় মহাকাশ সংস্থার তথ্য অনুযায়ী, ইউরোপের মূল ভূখণ্ড থেকে সর্বশেষ পূর্ণ সূর্যগ্রহণ দেখা গিয়েছিল ২০০৬ সালে। আর স্পেনের মূল ভূখণ্ড থেকে এমন ঘটনা শেষ দেখা যায় ১৯০৫ সালে।

ইউরোপিয়ান স্পেস এজেন্সির বিজ্ঞান পরিচালক ক্যারোল মুন্ডেল বলেন, ‘পূর্ণ সূর্যগ্রহণ এমন একটি বিরল মুহূর্ত, যখন লাখো মানুষ একসঙ্গে আকাশের দিকে তাকিয়ে বিস্ময় ও কৌতূহল অনুভব করতে পারে। এটি আমাদের মহাবিশ্বের সঙ্গে সংযুক্ত করে এবং অনুসন্ধান ও জ্ঞানার্জনের মানবিক আকাঙ্ক্ষার কথা স্মরণ করিয়ে দেয়।’

গ্রিনল্যান্ডে দর্শকরা দুই মিনিটেরও বেশি সময় পূর্ণ সূর্যগ্রহণ দেখতে পারবেন। অন্যদিকে উত্তর স্পেনে এ সময়সীমা হবে প্রায় ২০ সেকেন্ড।

গ্রহণ দেখার ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে আবহাওয়া। গ্রহণের ছায়া স্পেনের গালিসিয়া অঞ্চল ও বালেয়ারিক দ্বীপপুঞ্জ অতিক্রম করবে সূর্যাস্তের সময়, ফলে দিন থেকে রাতের রূপান্তর আরও নাটকীয় হয়ে উঠবে।

যারা পূর্ণ গ্রহণের পথের বাইরে থাকবেন, তাদের জন্য স্পেনের এস্ট্রোফিজিক্যাল অবসারভেটরি অব জাভালাম্ব্রে থেকে সরাসরি সম্প্রচারের ব্যবস্থা করবে ইউরোপীয় মহাকাশ সংস্থা।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন