

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


‘আমি এই দুনিয়া আগেই ছেড়ে দিয়েছি। আমার মৃত্যুর ভয় নেই। গত ডিসেম্বরে আমি এই শরীর থেকে বেরিয়ে আসার চেষ্টা করেছিলাম। কিন্তু এই শরীর ছাড়ার আগে আমার আরও কিছু কাজ করতে হবে। এতে ভয় পাওয়ার কিছু নেই। আমি এই দুনিয়া আগেই ছেড়ে দিয়েছি, এটা সত্যি। আমি স্টেজে দাঁড়িয়ে আছি এবং ইনিই আমার ভগবান' গায়ক দিলজিৎ দোসাঞ্জের এমন বক্তব্য ঘিরে সোশ্যাল মিডিয়ায় নতুন করে আলোচনা শুরু হয়েছে।
চলতি বছরের ৩০ এপ্রিল ক্যালিফোর্নিয়ায় অনুষ্ঠিত এক কনসার্টে পারফর্মের সময় দেওয়া তার এমন মন্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যম রেডিটে ভাইরাল হয়ে পড়ে। এতে ভক্তদের একাংশ তার মানসিক অবস্থার বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করছেন।
রেডিটের ভিডিওতে আরও দেখা যায়, পাঞ্জাবের সঙ্গে নিজের গভীর সংযোগের কথা বলতে গিয়ে আবেগপ্রবণ হয়ে পড়েন এই শিল্পী। তিনি জানান, তার জীবনে ভালোবাসা, সম্মান ও ক্ষমার মতো বিষয়গুলোকে গুরুত্ব দেওয়ার চেষ্টা করছেন এবং তার মধ্যে কোনো ক্ষোভ নেই। একই সঙ্গে তিনি নিজের পরিচয়কে পাঞ্জাবের সঙ্গে একাত্ম করে তুলে ধরেন।
এই বক্তব্য সামনে আসার পর সামাজিক মাধ্যমে নানা ব্যাখ্যা উঠে এসেছে। কেউ এটিকে একজন শিল্পীর মানসিক চাপের বহিঃপ্রকাশ হিসেবে দেখছেন, আবার অন্যরা এটিকে আধ্যাত্মিক উপলব্ধির দৃষ্টিকোণ থেকেও ব্যাখ্যা করছেন।
দিলজিৎ সম্প্রতি আন্তর্জাতিক অঙ্গনে উপস্থিতি বাড়ানোর অংশ হিসেবে জিমি ফ্যালনের টক শো তে অংশ নিয়ে আলোচনায় ছিলেন। একই সময়ে পাঞ্জাবের বন্যা পরিস্থিতিতে তাকে সক্রিয়ভাবে না দেখা যাওয়ায় কিছু মহলে সমালোচনাও তৈরি হয়। অনেকের ধারণা, এই চাপ বা সমালোচনার প্রতিফলন তার বক্তব্যে থাকতে পারে।
তবে এখন পর্যন্ত এ বিষয়ে দিলজিৎ দোসাঞ্জ বা তার টিমের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক ব্যাখ্যা দেওয়া হয়নি।
দিলজিৎ ২০০৯ সালে 'পাঙ্গা' গানের মাধ্যমে তাঁর সঙ্গীত জীবন শুরু করেন। পরবর্তীতে তিনি 'উড়তা পাঞ্জাব' (২০১৬) চলচ্চিত্রের মাধ্যমে বলিউডে অভিষেক করেন। তিনি প্রথম শিখ অভিনেতা হিসেবে মাদাম তুসো জাদুঘরে মোমের মূর্তি স্থাপনের এবং টাইমস স্কোয়ারে প্রদর্শিত হওয়ার গৌরব অর্জন করেন। বর্তমানে তিনি তাঁর 'অরা ওয়ার্ল্ড ট্যুর ২০২৬' নিয়ে ব্যস্ত আছেন।
মন্তব্য করুন
