

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


পবিত্র ওমরা পালন শেষে সম্প্রতি দেশে ফিরেছেন জনপ্রিয় অভিনেত্রী ও লেখিকা আশনা হাবিব ভাবনা। তার এই আকস্মিক ওমরা পালন নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। কেউ প্রশংসা করছেন, কেউবা দেখছেন আঁড়চোখে, কারো-বা মনে তীব্র কৌতূহল!
তবে সেসব আলোচনা-সমালোচনার তোয়াক্কা করেননি জনপ্রিয় এই অভিনেত্রী। সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেই তার ব্যাপারে ভক্তমনে জেগে ওঠা—সমস্ত প্রশ্নের জবাব দিয়েছেন। শেয়ার করেছেন গুরুত্বপূর্ণ এই সফরের অনুভূতি ও অভিজ্ঞতা।
ওমরা সফর থেকে ফিরে শুক্রবার (২৪ জুলাই) নিজের ভেরিফায়েড ফেজবুক পেজে তিনি হিজাব পরিহিত ছবি আপলোড করে দীর্ঘ এক স্ট্যাটাস দেন।
এতে তিনি বলেন, আমাকে দেখে কেউ যদি ওমরা পালনে অনুপ্রাণিত হয়, সেটােই আমার সার্থকতা।
তিনি জানান, পরিবারের সঙ্গে ওমরাহ পালনের ইচ্ছা দীর্ঘদিনের হলেও নানা জটিলতায় তা আর সম্ভব হয়ে ওঠেনি। এবার হঠাৎ করেই পবিত্র মক্কা-মদিনায় যাওয়ার সুযোগটা হয়ে গেল।
ভাবনা লেখেন, ‘আমাদের ওমরাহ যাওয়ার সিদ্ধান্তটা হুট করে হয়। যদিও হুট করে বললে ঠিক হবে কি না, কারণ বাবা-মা সবসময় যেতে চাইতেন। আমিও যেতে চেয়েছি গত তিনবছরে। তবে সত্যি কথা হলো, আমি সিদ্ধান্তে অটুট ছিলাম না।’ ওমরাহ পালনের প্রতি মনের আকাঙ্ক্ষার কথা জানিয়ে অভিনেত্রী বলেন, ব্যাংককে থাকার সময় তার মন অস্থির হয়ে উঠেছিল। তখন বান্ধবী দিয়াকে তিনি বলেছিলেন, ‘আমি আল্লাহর ঘরে যেতে চাই, যত দ্রুত সম্ভব।’
এরপর অল্প সময়ের সময়ের ব্যবধানে—ওমরা পালনের সুযোগ হয়ে যায় জানিয়ে স্ট্যাটাসে ভাবনা লেখেন, ‘৬ তারিখ রাত থেকে ২৫ তারিখ, কয়েকদিনের মধ্যেই আমি আল্লাহর মেহমান হতে পেরেছি।’
নিজের ওমরা নিয়ে নেতিবাচক মন্তব্যকারী ও সমালোচকদের উদ্দেশে ভাবনা প্রশ্ন রাখেন, ‘আল্লাহ যদি না চায় আপনি কি তার ঘরে যেতে পারবেন?’
আল্লাহর প্রতি নিজের অগাধ বিশ্বাসের কথা উল্লেখ করে তিনি লেখেন, ‘আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে অনেক ভালোবাসে, আল্লাহ তার সব বান্দাদের ভালোবাসেন। আমি জানি না আমার ওমরা কবুল হয়েছে কি না। আমি কিছু জানি না। তবে আমি এতটুকু জানি আল্লাহ আছেন। আল্লাহ সব দেখেন। আমার মনে কি আছে, আমার নিয়ত কি- আল্লাহ সব বুঝেন।’
নিজের বিশ্বাস ও নিয়ত নিয়ে কাউকে কোনো ধরনের ব্যাখ্যা দিতে চান না বলেও স্পষ্ট করেছেন ভাবনা। তার ভাষায়, ‘আমি অন্য কাউকে প্রমাণ দিবো না আমি কে? আমার আল্লাহ ছাড়া আমি আর কাউকেই কিছু প্রমাণ করতে চাই না।’
ওমরাহ পালনের ছবি সামাজিকমাধ্যমে প্রকাশ করা নিয়েও অনেকে প্রশ্ন তুলতে পারেন- এমন প্রসঙ্গ তুলে ভাবনা বলেন, মক্কা ও মদিনায় কাটানো প্রতিটি মুহূর্তের অনুভূতি তিনি সবার সঙ্গে ভাগ করে নিতে পারেননি। তবে যারা তাকে অনুসরণ করেন এবং ইতিবাচক মানসিকতার মানুষ, তারা তার এই সময়টায় দোয়া করেছেন বলেও তিনি জানান।
ছবি প্রকাশের কারণ ব্যাখ্যা করে অভিনেত্রী লেখেন, ‘আমি এই কারণে ছবি দিয়েছি, যাতে আমাকে দেখে আরও কেউ যদি অনুপ্রাণিত হয়, সেখানেই আমার সার্থকতা হবে।’
স্ট্যাটাসের শেষে শুক্রবারের দিন সবার কাছে নিজের জন্য দোয়া চেয়ে, ভক্ত-অনুরক্তদের জন্য সুন্দর জীবন কামনা করেন ভাবনা।