

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে ঢালিউডে বড় বাজেটের সিনেমা নিয়ে আগ্রহ বাড়ছে। সেই তালিকায় স্বাভাবিকভাবেই আলোচনায় আছে শাকিব খান অভিনিত সিনেমা ‘রকস্টার’। এরই মধ্যে সিনেমাটির টিজার প্রকাশ পেয়েছে। ৮০ সেকেন্ডের টিজারে রীতিমতো কাঁপছে নেটদুনিয়া।
টিজারের শুরুতেই দর্শকদের জন্য একটি বার্তা; হেডফোন ব্যবহার করুন বা না করুন, মিউজিকের সেই টানটান উত্তেজনা আপনি অনুভব করবেনই!
টিজারের সিনেমাটোগ্রাফি এবং কালার গ্রেডিং দর্শকদের এক ভিন্ন জগতে নিয়ে যায়। এর বিশাল ক্যানভাস এককথায় দর্শককে দেশীয় সিনেমায় ভালো কিছুর আশা জোগাচ্ছে।
টিজারজুড়ে শাকিব খানকে বিভিন্ন রূপে দেখা যায়। কখনো গিটার হাতে মঞ্চে পারফর্ম করা রকস্টার, আবার কখনো রোমান্টিক কিংবা অ্যাকশনঘরানার চরিত্রে উপস্থিত হয়েছেন তিনি। নির্মাতারা তাকে ‘গ্লোবাল সুপারস্টার’ পরিচয়ে উপস্থাপন করেছেন, যা ভক্তদের আগ্রহ বাড়িয়েছে।
সিনেমার নামের সঙ্গে সঙ্গতি রেখে টিজারে সংগীতকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। রক ঘরানার সুরের সঙ্গে বাংলা গানের পঙ্ক্তির মিশেল একটি আলাদা আবহ তৈরি করেছে। একটি সংলাপে সংগীতকে জীবনের চেয়েও বড় শক্তি হিসেবে তুলে ধরা হয়েছে, যা টিজারের অন্যতম আকর্ষণ হয়ে উঠেছে।
তবে কেবল সংগীতনির্ভর উপস্থাপনাই নয়, টিজারে অ্যাকশন ও রহস্যের ইঙ্গিতও রয়েছে। ‘আগুন’ নামের একটি উপাদান বা চরিত্রকে ঘিরে অনুসন্ধান এবং সংঘর্ষের দৃশ্যগুলো থেকে ধারণা করা হচ্ছে, গল্পে প্রতিশোধ বা গভীর দ্বন্দ্বের উপাদান থাকতে পারে।
আজমান রুশোর গল্প ও পরিচালনায় নির্মিত এই ছবিতে শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন সাবিলা নূর এবং তানজিয়া জামান মিথিলা। যদিও প্রকাশিত টিজারে তাদের উপস্থিতি দেখা যায়নি, যা নিয়ে দর্শকদের মধ্যে কৌতূহল রয়েছে।
ছবিটি প্রযোজনা করেছে সান মোশন পিকচার্স লিমিটেড। প্রযোজক অঞ্জন চৌধুরী পিন্টু। চিত্রনাট্য করেছেন নুসরাত মাটি, সংলাপ লিখেছেন অয়ন আসিব স্বাধীন ও সামিউল ভূঁইয়া। নির্বাহী প্রযোজক হিসেবে রয়েছেন অজয় কুমার কুন্ডু।
